কেএফসি স্বাধীনতা কাপে ফেনী সকারকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে টিম বিজেএমসি। সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফেনী সকারকে ৬-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে টিম বিজেএমসি। এই জয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে ওঠার স্বপ্ন টিকে থাকলো দলটির।
বিশাল ব্যবধানের দলটির নাইজেরিয়ান ফরোয়ার্ড এলিটা কিংসলে একাই করেছেন ৫ গোল। বাকি গোলটি এলিটার স্বদেশি স্যামসন ইলিয়াসুর। সোমবার বিকাল পাঁচটায় শুরু হওয়া ম্যাচটির ৩৭তম মিনিটে এলিটার গোলে এগিয়ে যায় বিজেএমসি। ৩৯তম মিনিটে নিজের ও দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন এই নাইজেরিয়ান ফরোয়ার্ড। বিরতির আগে যোগ করা সময়ে আরেকটি গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন এলিটা।
চলতি আসরে এটি চতুর্থ হ্যাটট্রিক। এর আগের তিনটি হ্যাটট্রিক করেছিলেন শেখ রাসেল ক্রীড়া চক্রের ফিকরু জেইদা, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের আহমেদ কোলো মুসা ও শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের ওয়েডসেন আনসেলমে। চারটি হ্যাটট্রিক করা ফুটবলাররা বিদেশি।
বিরতি থেকে ফিরে এসেই আরেকটি গোল করেন এলিটা। তাতেই বিজেএমসির স্কোর দাঁড়ায় ৪-০তে। এরপর ম্যাচের ৭২তম মিনিটে দারুণ এক জোরালো শটে নিজের ও দলের হয়ে পঞ্চম গোলটি করেন নাইজেরিয়ার এই ফরোয়ার্ড।
ম্যাচের শেষ দিকে এসে এলিটার সঙ্গে গোল উৎসবে যোগ দেন তারই স্বদেশি ইলিয়াসু। তাতেই শেষ পর্যন্ত ৬-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় ফেনী সকারকে।
এই জয়ে 'বি গ্রুপ ' থেকে পাঁচ ম্যাচে সাত পয়েন্ট নিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা টিকে থাকলো বিজেএমসির। এই হারে অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে বিজেএমসির সেমিতে ওঠার আশা।
