‘নদীর জলের মতো ভেসে গেছে অনেক গান’

আপডেট : ১৭ মার্চ ২০১৯, ২১:১৩

চিশতি বাউল। তার গাওয়া ‘বেহায়া মন’ গানটি দিয়েই মূলত তিনি সর্বমহলে পরিচিত। সম্প্রতি তিনি তারিক আনাম খান ও স্পর্শিয়া অভিনীত একটি চলচ্চিত্রে গান গাইলেন। এ প্রসঙ্গসহ বিভিন্ন বিষয় নিয়ে তিনি কথা বললেন বিনোদন প্রতিদিনের সঙ্গে—

কেমন আছেন?

দয়াল ভরসায় ভালোই আছি।

 

প্রথমবারের মতো প্লেব্যাক করলেন...

হ্যাঁ, অনন্য মামুন পরিচালিত ‘আবার বসন্ত’ সিনেমায় গেয়েছি। আমার নিজের কোনো গান নয়, লালন সাঁইজির ‘মিলন হবে কত দিনে’ গানটিকে একটু আধুনিক ভঙ্গিতে গেয়েছি।

 

গানের রেকর্ডিং শেষ?

হ্যাঁ। গতকালই (পরশু) শেষ হলো। খুব ভালো লেগেছে কাজটি করে। আসলে আমি কখনো হলে গিয়ে সিনেমা দেখিনি। সারাজীবন বন-বাদাড়ে ঘুরে গান করেছি। তারপরও এই মাধ্যমে কাজ করেছি, এটাতো ভালোলাগার খবর। সবারও ভালো লাগবে আশা করি।

 

যেহেতু প্রথমবারের মতো সিনেমায় কাজ করলেন, দর্শকদের সঙ্গে দেখার ইচ্ছে আছে কি-না?

প্রথমবারের মতো সিনেমার গান করলাম। দেখবো তো অবশ্যই। দর্শকদের ভালো লাগলে সিনেমায় আরো কাজ করার ইচ্ছে আছে।

 

এছাড়া আর কী নিয়ে ব্যস্ত আছেন?

ঢাকার বাইরের নিয়মিতই শো করি। তবে এখন কনসার্টে যাওয়ার ব্যাপারে আগে থেকে অনেক সচেতন হয়েছি। কয়েক মাস আগের ঘটনা তো জানেনই।

 

আপনার একটা অভিযোগ ছিল, আপনাকে না বলে অসংখ্য কনসার্টের প্রচারণায় আপনার ছবি ব্যবহার করা হচ্ছে। এখনো কী এসবের খবর পান?

বিভিন্ন জায়গায় কনসার্টে আমি গান গাইবো, এটা বলে মানুষের কাছ থেকে টাকা নেওয়ার খবর প্রায় সময়ই শুনি। সব তো আর জানি না। কারণ আমি এমন এক জায়গায় থাকি সেখানে দুনিয়ার তেমন কোনো খবর পৌঁছায় না। টিভি নেই, ভালো মোবাইল নেই! তবে আমার ভক্তরা মাঝে মাঝে এমন খবর দেয়। অবাক হওয়া ছাড়া আর কিছুই করার থাকে না।

 

আপনার ঝুলিতে তো অনেক গান। এগুলো নিয়ে কোনোকিছু করার কথা ভাবছেন?

গানগুলো নিবন্ধন (কপিরাইট) করার পরিকল্পনা অনেকদিনের। নদীর জলের মতো ভেসে গেছে অনেক গান। সেগুলোকে উদ্ধার করতে চাই। দয়াল ভরসা, দেখি কতটুকু পারি!