বগুড়ায় পৌর কাউন্সিলর গ্রেফতার

আপডেট : ১৯ এপ্রিল ২০১৬, ১৮:১৪
 
বগুড়া জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও বগুড়া পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর পরিমল চন্দ্র দাসকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার বেলা তিনটার দিকে শহরের চেলোপাড়া এলাকা থেকে তিনি গ্রেফতার হন।
 
পুলিশ সূত্র জানায়, বিএনপি নেতা পরিমলের বিরুদ্ধে নাশকতার মামলা ছাড়াও পুলিশের ওপর হামলার অভিযোগে একাধিক মামলা রয়েছে। পলাতক অবস্থায় তিনি গত ডিসেম্বর মাসে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ করে কাউন্সিলর নির্বাচিত হন। ফেব্রুয়ারি মাসে কাউন্সিলর হিসেবে শপথ নিয়ে ফেরার পথে পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা চালায়। সে সময় পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান পরিমল। মঙ্গলবার বেলা তিনটার দিকে তিনি শহরের চেলোপাড়ায় কাউন্সিলর অফিসে প্রবেশ করার পরপরই গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।
 

জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র সহকারি পুলিশ সুপার (এএসপি) গাজিউর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।