বাঁশখালীর মামলায় ১২ জন জামিনে মুক্ত

আপডেট : ২০ এপ্রিল ২০১৬, ১৪:৩৬
চট্টগ্রামের বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্র স্থাপন নিয়ে সংঘর্ষের ঘটনায় দায়ের করা পুলিশের ওপর হামলার মামলায় গ্রেফতার ১২ জন জামিনে মুক্তি পেয়েছেন।
 
মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তারা জামিনে মুক্তি পান। কারাফটক থেকে তাদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেন এলাকার লোকজন।  জামিনে মুক্তি পাওয়া ব্যক্তিরা হলেন- আবদুল খালেক, ইকবাল হোসেন, আলী আহমদ, জহিরুল ইসলাম, আছদ আলী, শাহ আলম, মহিউদ্দিন, আক্তার হোসেন, হুমায়ুন কবির, আবদুল আলীম, রফিক আহমেদ ও আনছারুল্লাহ। এরা প্রকল্প এলাকার বাসিন্দা।
 
এর আগে মঙ্গলবার দুপুরে বাঁশখালীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. সাজ্জাদ হোসেন ওই ১২ জনের জামিন আবেদন মঞ্জুর করেন। বাঁশখালী আদালতের সরকারি কৌঁসুলি বিকাশ রঞ্জন ধর বিষয়টি নিশ্চিত করেন।