নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

আপডেট : ১৭ মার্চ ২০১৯, ২১:১৫

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গতকাল রবিবার বিভিন্ন স্থানে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:

চট্টগ্রাম: চট্টগ্রামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। এই উপলক্ষে আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে ছিল জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ অর্পণ, আলোচনা সভা, কেক কাটা,শোভাযাত্রা,চিত্রাঙ্কন প্রতিযোগিতা,সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি। সকালে নগর ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ.জ.ম.নাছির উদ্দিন। এসময়  ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ ও কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সকালে চট্টগ্রাম সার্কিট হাউজ থেকে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ়্য আনন্দ র্যালি বের করা হয়। র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রশাসনের কর্মকর্তারা। এছাড়া সিএমপি কমিশনার মাহবুবুর রহমানের নেতৃত্বে শিল্পকলায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। এদিকে দিবসটি উদযাপন উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নানা কর্মসূচি পালন করে।

কক্সবাজার: সকাল ১০টায় জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও বিভিন্ন সরকারি বেসকারি দপ্তরের পক্ষ থেকে কালেক্টরেট ভবনে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে অস্থায়ীভাবে নির্মিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তর্বক অর্পণ করা হয়। পরে জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০১৯ উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে  সমাবেশ ও বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে আনন্দ র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রস্তাবিত শেখ রাসেল শিশু পার্ক প্রাঙ্গণ হয়ে বিয়াম ফাউন্ডেশনে এসে শেষ হয়।  র্যালি শেষে কক্সবাজার বিয়াম ফাউন্ডেশন অডিটোরিয়ামে কোমলমতি শিশুদের নিয়ে কাটা হয় কেক। এরপর শুরু হয় আলোচনা সভা। 

রাঙ্গামাটি: সকালে রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন রাঙ্গামাটির সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার। এ সময় রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বরসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসনের উদ্যোগে পৌরসভা প্রাঙ্গণ থেকে শিশু-কিশোরদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বরে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীপঙ্কর তালুকদার এমপি।

সুনামগঞ্জ: সকালে কালেক্টরেট চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের নেতৃত্বে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে র্যালিটি আলোচনা সভায় মিলিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন— পুলিশ সুপার মিজানুর রহমান, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোহাম্মদ এমরান হোসেন, পৌরসভার মেয়র নাদের বখত, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. বশির উদ্দিন সরকার প্রমুখ। সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

মৌলভীবাজার: শহীদ মিনার প্রাঙ্গণ থেকে সকালে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাইফুর রহমান অডিটরিয়ামে এসে শেষ হয়। এ উপলক্ষে সকালে এম.সাইফুর রহমান অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ রুকন উদ্দিনের সভাপতিত্বে এবং জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য নেছার আহমদ, সৈয়দা জহুরা আলাউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শাহ্জালাল, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাউর রহমান প্রমুখ। 

হবিগঞ্জ:সকালে টাউন হল রোডস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্যের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে একে একে শ্রদ্ধা জানায় সরকারি-বেসরকারি অর্ধশতাধিক প্রতিষ্ঠান। এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি, জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কুদ্দুছ আলী সরকার, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. সফিউল আলম প্রমুখ। এর আগে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে।

রাউজান (চট্টগ্রাম): সকালে ক্যাম্পাসের স্বাধীনতা চত্বর সংলগ্ন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুয়েট ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এ সময় বিভিন্ন অনুষদের ডিনগণ, রেজিস্ট্রার ও ছাত্রকল্যাণ পরিচালক উপস্থিত ছিলেন। এরপর চুয়েট বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে আলোচনা সভা শেষে কোমলমতি শিশুদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর ১০০তম জন্মদিন ও জাতীয় শিশু দিবসের কেক কাটা হয়। এরপর শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুুষ্ঠিত হয়। চুয়েটের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে এই উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চুয়েট ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এদিকে, রাউজান উপজেলা প্রশাসনের উদ্যোগেও বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধুর শততম জন্মদিন ও শিশু দিবস পালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসেন রেজার পরিচালনায় ছয় হাজার শিশুর অংশগ্রহণে কর্মসূচি পালিত হয়।

ব্রাহ্মণবাড়িয়া: টেংকেরপাড় থেকে র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বঙ্গবন্ধু স্কয়ারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া জেলা প্রশাসনের আয়োজনে ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র. আ. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আনোয়ার হোসেন খান, পৌরসভার মেয়র নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রমুখ।

কুমিল্লা: সকালে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ নগর উদ্যানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে টাউন হলে জেলা প্রশাসক মো. আবুল ফজল মীরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার। দুপুরে জেলা পুলিশের আয়োজনে কুমিল্লা পুলিশ লাইন্সের শহীদ আরআই এ বি এম আবদুল হালিম মিলনায়তনে বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটা হয়। পরে পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী, জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান প্রমুখ। এদিকে, কুমিল্লাস্থ ১০ বিজিবির আয়োজনে বর্ডার গার্ড পাবলিক স্কুল মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজিবি কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল আলিমুল করিম চৌধুরী, ১০ বিজিবি কমান্ডার লে. কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন প্রমুখ।

সিলেট: প্রথম প্রহরে সিলেট জেলা পরিষদের হল রুমে কেক কেটে জন্মদিন উদযাপন করে সিলেটে জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিনসহ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ দিকে, সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। কর্মসূচিতে অংশ নেন জেলা ও মহানগর আওয়ামী লীগের সকলস্তরের নেতাকর্মী এবং অঙ্গসহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ।

লক্ষ্মীপুর:সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহমদ. পৌর মেয়র মো. আবু তাহের, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, জেলা আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা, বিভিন্ন সামাজিক ও সাংষ্কৃতিক সংগঠন এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বস্তরের জন-সাধারণ।

এছাড়াও কুমিল্লার দেবীদ্বার, হোমনা, কসবা, চৌদ্দগ্রাম, মুন্সীগঞ্জের গজারিয়া, সুনামগঞ্জের ছাতক, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অনুরূপ অনুষ্ঠান পালিত হয়েছে।