রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১৩

আপডেট : ২০ এপ্রিল ২০১৬, ১৯:৪৮
 
রংপুরের তারাগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ১৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এই ঘটনায় আরো অর্ধশতাধিক আহত হয়েছেন। বুধবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার ইকরচালি ইউনিয়নের জগদীশপুর গ্রামের তের মাইল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
 
নিহতদের মধ্যে ৯ জনের নাম জানা গেছে। তারা হলেন- সায়মন এক্সক্লুসিভের হেলপার আকুল মিয়া (২৬), তৃপ্তি ট্রাভেলসের হেলপার দিনাজপুরের ভূষিবন্দর এলাকার অতুল রায়ের পুত্র চন্দন রায় (২৫), সৈয়দপুর উপজেলার পাশারিপাড়া গ্রামের মৃত. ইউনুছ আলীর পুত্র কৃষি শ্রমিক মোহাম্মদ আলী কালা (৪৫), সায়েদ আলীর পুত্র কৃষি শ্রমিক আব্দুল মতিন (৪০), কৃষি শ্রমিক বাবু মিয়া (২৭), লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার মধ্য গুড্ডিমারী গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক একাব্বর আলী (৬৫), কিশোরগঞ্জ উপজেলার লিটন মিয়া (২২), ডোমার উপজেলার মিজানুর রহমান (৪০), তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের ফারুকীয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষিকা জিন্নাত রেহেনা (৩৫)।
 
 
IMG0
 
জানা গেছে, সায়মন এক্সক্লুসিভ পরিবহনের বাসটি ঢাকা থেকে দিনাজপুরে যাচ্ছিল। অন্যদিকে তৃপ্তি পরিবহনের আরেকটি যাত্রীবাহী বাস সৈয়দপুর থেকে রংপুর যাচ্ছিল। বাস দুইটি তেরমাইল নামক স্থানে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ  হলে এই হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে সৈয়দপুর ও রংপুর ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা দুর্ঘটনা কবলিত গাড়ির ভেতর থেকে হতাহতদের উদ্ধার করেন। তাদের সহায়তা করে পুলিশ বাহিনী। 
 
IMG1
 
দুর্ঘটনার পরপরই যান চলাচল বন্ধ হয়ে গেলেও দুপুর পৌনে একটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
 
আহতদের তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স, সৈয়দপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। নিহতদের লাশ রংপুর মেডিকেল কলেজ হসপাতাল মর্গে রাখা হয়েছে।
 
তারাগঞ্জ থানার এসআই মোজাম্মেল ১০ নিহতদের খবর নিশ্চিত করেছেন। 
 
রংপুর জেলা প্রশাসক আহাদ আনোয়ার, এসপি আবদুর রাজ্জাক, তারাগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার জিলুফা সুলতানা, উপজেলা চেয়ারম্যান আনিসুল রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।