চট্টগ্রামে সফটওয়্যার টেকনোলজি পার্ক গড়ে তোলার উদ্যোগ

আপডেট : ১৭ মার্চ ২০১৯, ২১:২০

 

 

 চট্টগ্রাম অফিস

চট্টগ্রাম নগরের আগ্রাবাদে সফটওয়ার টেকনোলজি পার্ক গড়ে তোলার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ। ইতোমধ্যে হাইটেক পার্কের নকশা নির্ধারণসহ বেশকিছু কাজ এগিয়ে গেছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে তথ্যপ্রযুক্তি খাতে আড়াই হাজারের অধিক জনের কর্মসংস্থান হবে বলে জানিয়েছে হাইটেক পার্ক কর্তৃপক্ষ।

চট্টগ্রাম সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন ও জেলা পর্যায়ে আইটি পার্ক স্থাপন প্রকল্পের আওতায় ১২টি জেলায় এরকম পার্ক করা হচ্ছে। এর মধ্যে চট্টগ্রাম একটি। এই প্রকল্পে চট্টগ্রাম সিটি করপোরেশন জমি দিয়েছে। ইতোমধ্যে পার্ক কর্তৃপক্ষের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

পার্কের উন্নয়ন প্রকল্প পরিচালক এ এস এম সফিকুল ইসলাম জানিয়েছেন, আগ্রাবাদে চসিকের মালিকানাধীন সিঙ্গাপুর-ব্যাংকক মার্কেটের ৬ থেকে ১১ তলায় গড়ে তোলা হচ্ছে এই সফটওয়্যার টেকনোলজি পার্ক। বিশ্ব ব্যাংকের অর্থায়নে প্রায় ২৪ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে এ পার্ক স্থাপন করা হবে। ইতোমধ্যে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ২০১৯ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্প বাস্তবায়নের সময়সীমা ধারা হয়েছে।

চসিকের মেয়র আ জ ম নাছির উদ্দিন ইত্তেফাককে জানিয়েছেন, সরকার দীর্ঘমেয়াদে আইটি খাতের প্রসারে কাজ করছে। চট্টগ্রামে ইকোনমিক জোন, বন্দর, টানেলসহ যেসব উন্নয়ন কর্মযজ্ঞ চলছে সেগুলোতে তথ্যপ্রযুক্তির ব্যবহারের প্রয়োজন পড়বে। সেদিকে লক্ষ্য রেখেই এই পার্ক নির্মাণ করা হচ্ছে। এটা বাস্তবায়িত হলে আগামী দিনে চট্টগ্রামের তরুণরা চট্টগ্রামে বসেই বিশ্বমানের তথ্যপ্রযুক্তি খাত গড়ে তুলতে কাজ করতে পারবে।

উল্লেখ্য, ২০১৮ সালের জুলাইয়ে চট্টগ্রাম সিটি করপোরেশন ও বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের মধ্যে সর্বপ্রথম চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী এক লাখ বর্গফুটের এই পার্ক নির্মিত হচ্ছে।