বাঁশখালীতে দেয়ালচাপা পড়ে স্কুলছাত্রের মৃত্যু

আপডেট : ১৭ মার্চ ২০১৯, ২১:২১

বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা

বাঁশখালীর শীলকুপ ইউনিয়নের ইকোপার্ক সংলগ্ন আদর্শ গ্রামে দেয়াল চাপা পড়ে মোহাম্মদ শাকিল (৯) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত শাকিল শীলকুপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র এবং মোহাম্মদ ইদ্রিসের পুত্র।

জানা যায়, গতকাল শনিবার বিকাল ৫টার দিকে শাকিল বাড়ির পার্শ্ববর্তী এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায়। সেখানে হঠাত্ বাড়ির বারান্দার দেয়াল ভেঙে তার গায়ের উপর পড়লে সে গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে বাঁশখালী হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়। নিহত শিশুর পিতা মোহাম্মদ ইদ্রিস একসময় নোয়াঘোনায় বসবাস করলেও কয়েক বছর আগে ইকোপার্ক সংলগ্ন আর্দশ গ্রামে নতুন বাড়ি করে বসবাস শুরু করেন। তার দুই ছেলে এক মেয়ের মধ্যে শাকিল দ্বিতীয়।

বাঁশখালী হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. তৌহিদুল আনোয়ার বলেন, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। কারণ তার মাথার আঘাতটি গুরুতর ছিল। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে।