শীর্ষে ওঠার সুযোগ পাচ্ছে অ্যাটলেটিকো-রিয়াল

জ্বলে ওঠার অপেক্ষায় গুটিয়ে যাওয়া বার্সা

আপডেট : ২০ এপ্রিল ২০১৬, ১৪:৪৯
সাম্প্রতিক ব্যর্থতায় বার্সেলোনার অবস্থা এখন নতজানু। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া দলটিকে লা লিগার শিরোপা ধরে রাখতে হলে লিগে নিজেদের বাকি পাঁচ ম্যাচে অবশ্যই জিততে হবে। কেননা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে পড়ার পর লা লিগায়ও তাদের অবস্থা এখন কোণঠাসা। এই পরিস্থিতি কাটিয়ে ওঠার লক্ষ্যে বার্সা আজ দেপোর্তিভো লা করুনার মাঠে খেলতে যাচ্ছে।
 
একই দিন মাঠে নামছে সাম্প্রতিক সাফল্যে লা লিগার শিরোপার প্রত্যাশা জোরালো করা অ্যাটলেটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদও। শীর্ষে থাকা বার্সার সমপরিমাণ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে থাকা অ্যাটলেটিকো খেলতে যাবে অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠে। আর তৃতীয়স্থানে থাকা রিয়াল আতিথ্য দেবে ভিয়ারিয়ালকে।
 
মৌসুমের শুরু থেকে নৈপুণ্য দেখানো বার্সেলোনা শেষ দিকে এতোটাই ব্যর্থতা দেখাচ্ছে যে, হতবিহ্বল সমর্থকরাও। লা লিগায় গত চার খেলা থেকে দলটি পয়েন্ট পেয়েছে মাত্র একটি এবং সব ধরনের প্রতিযোগিতায় সর্বশেষ পাঁচ খেলার চারটিতেই হারতে হয়েছে কোচ লুই এনরিকের দলকে। অথচ এই বার্সাই চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় টানা ৩৯ খেলায় অপরাজিত থেকে নতুন রেকর্ড গড়ার নজির দেখিয়েছে।
 
বার্সা গত সপ্তায় চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হেরে বিদায় নেয়ার পর লা লিগা নিয়েও তাদের দুশ্চিতা বেড়েছে। ৩৩ খেলা থেকে মেসি-নেইমারদের পয়েন্ট এখন ৭৬। সমপরিমাণ ম্যাচ খেলে অ্যাটলেটিকোর পয়েন্টও ৭৬। যদিও হেড টু হেডে এগিয়ে থাকায় শীর্ষে থাকছে বার্সা। শিরোপার প্রত্যাশা জোরালো করেছে রিয়ালও। ৭৫ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে রয়েছে কোচ জিনেদিন জিদানের দল।
 
লা লিগার পয়েন্ট টেবিলে যখন টান টান উত্তেজনা তখন শিরোপা প্রত্যাশী তিন দলই নিজ নিজ গুরুত্বপূর্ণ লড়াইয়ে মাঠে নামছে। আজকে তাদের খেলাগুলোর জয়-পরাজয় শিরোপা নির্ধারণী ব্যাপার হয়ে দাঁড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। গত রবিবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-১ গোলে হারার পর অবশ্য বার্সা কোচ এনরিকে এবং ডিফেন্ডার জেরার্ড পিকে অবশ্য আত্মবিশ্বাস ব্যক্ত করে জানিয়েছেন, মৌসুমের বাকি ম্যাচগুলোতে ভালো করতে পারলে তাদের হাতেই ওঠবে লা লিগার শিরোপা। এনরিকে বলেন, ‘কোনো দল যদি এটা করতে সক্ষম হয়—সেটা বার্সেলোনা।’ ভ্যালেন্সিয়ার বিপক্ষে হারলেও দলের খেলা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বার্সা কোচ। তিনি বলেন, ‘আমাদের খেলায় তেমন ত্রুটি-বিচ্যুতি ছিলো না। এছাড়া আমি বাজেভাবে জেতার চেয়ে পরাজয়ই পছন্দ করি।’ এনরিকের মত, ‘ফুটবল এমনই, মাঝে মাঝে এটা খুবই অবিশ্বাস্য; মাঝে মাঝে খুবই নিষ্ঠুর।’
 
এদিকে, আজ বার্সার পরাজয় কামনার পাশাপাশি তালিকার শীর্ষে ওঠার লক্ষ্য নিয়ে বিলবাওয়ের মাঠে খেলতে যাচ্ছে অ্যাটলেটিকো। ম্যাচটি কঠিন হতে পারে কোচ দিয়েগো সিমিওনির দলের জন্য। কেননা খেলাটিতে জয় নিয়ে স্বাগতিক বিলবাওয়ের লক্ষ্য থাকবে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলার সম্ভাবনা জোরালো করা। খেলাটি নিয়ে সিমিওনি বলেন, ‘বিলবাওয়ে আমাদের গুরুত্বপূর্ণ একটি ম্যাচ খেলতে হবে। যদিও বাকি চারটি খেলায়ও আমাদের ভালো প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।’ লা লিগার শিরোপা জয়ের প্রশ্নে অ্যাটলেটিকো কোচ বলেন, ‘এটা কঠিন হবে, এ জন্য কার্যসূচিতে যা আছে আমাদের তাই করতে হবে। সেটা হলো— জয়, জয় এবং জয়।’
 
এদিন রিয়াল মাদ্রিদ আজ রাত দুটায় যখন অতিথি ভিয়ারিয়ালের বিপক্ষে মাঠে নামবে ততক্ষণে বার্সা এবং অ্যাটলেটিকোর নিজ নিজ খেলা শেষ হয়ে যাবে। ওপরে থাকা প্রতিদ্বন্দ্বী দুটি হেরে গেলে, সেক্ষেত্রে ভিয়ারিয়ালের বিপক্ষে জয় নিয়ে শীর্ষে ওঠে আসার সুযোগ পাবে কোচ জিনেদিন জিদানের দল। ভিয়ারিয়ালের বিপক্ষে খেলার আগে বেশ ছন্দে আছে রিয়াল। কেননা গত সপ্তাহে উলফসবার্গকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল নিশ্চিত করা লা লিগায় গত শনিবার গেটাফের বিপক্ষে ৫-১ গোলের বড় জয় পেয়েছে। এছাড়া দুর্দান্ত ছন্দে রয়েছে দলের সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোও। —সকারওয়ে