বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে দুই ধাপ এগিয়ে ১৪৪ তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। এর আগের দুই বছর ১৪৬তম হয়েছিল বাংলাদেশ। ফ্রান্সভিত্তিক সাংবাদিকদের সংগঠন রিপোর্টারস ইউদাউট বর্ডারস ১৮০ টি দেশে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে এই তালিকাটি তৈরি করেছে।
সংগঠনটি জানিয়েছে, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতা হ্রাস পেয়েছে। বিশেষ করে দক্ষিণ আমেরিকার দেশগুলোতে লক্ষণীয়ভাবে গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ বৃদ্ধি পেয়েছে।
তালিকাটিতে দেশগুলোকে গণমাধ্যমের স্বাধীনতার ভিত্তিতে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে পশ্চিম ইউরোপের দেশ ফিনল্যান্ড প্রথম স্থান অধিকার করেছে। এছাড়াও নিউজিল্যান্ডসহ ইউরোপের কয়েটি দেশে গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা রয়েছে বলে উল্লেখ করা হয়। যুক্তরাষ্ট্র তালিকার দ্বিতীয় ক্যাটাগরিতে স্থানয় পেয়েছে। এবছর দেশটি ৪১ তম হয়েছে।
আর সার্বিক সূচকে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ, চীন, উত্তর কোরিয়া ও আফ্রিকার বেশকিছু দেশে গণমাধ্যমের স্বাধীনতা সবচেয়ে কম বলে জানানো হয়েছে। এর মধ্যে উত্তর কোরিয়া ও ইরিত্রিয়া যথাক্রমে ১৭৯ ও ১৮০ তম স্থানে রয়েছে।
