পঞ্চগড় সদর উপজেলার ময়নাগুড়ি সীমান্তে বিএসএফের গুলিতে মো. দেলোয়ার হোসেন (৩০) নামে এক কৃষক গুলিবিদ্ধ হয়েছে।
বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। দেলোয়ারের বাড়ি সাতমেরা ইউনিয়নের খেকিপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের ইউসুফ আলীর পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, ময়নাগুড়ি সীমান্তের খেকিপাড়া এলাকায় করতোয়া নদীর চরে রোপনকৃত ধান কাটছিল দেলোয়ারসহ কয়েকজন। এ সময় ভারতের ব্রক্ষ্মবস্তি বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে। অন্যরা পালিয়ে গেলে দেলোয়ারের বাম উরুতে গুলি লাগে। স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় দেলোয়ারকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। পরে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
খবর পেয়ে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আল হাকিম মো. নওশাদ দেলোয়ারকে দেখতে হাসপাতালে যান।
বিজিবির মীরগড় কোম্পানি কমান্ডার সুবেদার মীর নজরুল ইসলাম জানান, গুলি করার তীব্র প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।
