ভূরুঙ্গামারীতে বিএসএফের নির্যাতনে আব্দুল বারেক (৩৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বুধবার সকাল ৬টার দিকে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কাজিয়ারচর সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে তার লাশ পাওয়া যায়। সকালে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠিয়েছে পুলিশ। তিনি উত্তর ধলডাঙ্গা গ্রামের এন্তাজ আলীর ছেলে।
নিহতের পরিবার জানায়, মঙ্গলবার বিকেলে কে বা কারা তাকে ফোন করে ভারত থেকে গরু আনার জন্য ডাকে। ফোন পেয়ে তিনি বিকেলে চলে যান। বুধবার ভোর ৬টার দিকে তার লাশ পাওয়া যায়। ধারনা করা হচ্ছে বিএসএফর নির্যাতনে তার মৃত্যু হয়েছে।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ জিয়া লতিফুল ইসলাম বলেন, মৃতদেহের বুকসহ কয়েকটি স্থানে আঘাদের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
