ঢাকা ওয়াসার সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলীসহ আট আসামিকে বুধবার গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ঢাকা ওয়াসার সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী আর জে এম রবিউল কাউসার, সিজিএ সমবায় ঋণ দান সমিতি লিমিটেডের সাবেক সভাপতি ও অডিটর মো. রফিকুল ইসলাম, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক অফিস সহকারী মো. দেলওয়ার হোসেন শাহীন, প্রোগ্রেসিভ লাইফ ইন্সুরেন্সের সাবেক হিসাবরক্ষক রাজু আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুত্ সমিতির হিসাবরক্ষক আল মাহমুদ, গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপক মো. বাবুল আক্তার, টাঙ্গাইলের নুরুল আমিন এবং দিনাজপুরের মো. আশরাফুল রেজভী।
এদের মধ্যে দরপত্রে জালিয়াতির মাধ্যমে ১৩ লাখ ৮৬ হাজার ৫২৮ টাকার ভূয়া ব্যাংক গ্যারান্টি তৈরি ও ব্যবহারের অভিযোগে করা ২০১৪ সালে মিরপুর মডেল থানায় মামলায় দায়ের করা মামলায় ঢাকা ওয়াসার সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী আর জে এম রবিউল কাউসারকে গ্রেফতার করা হয়। সিজিএ সমবায় ঋণদান সমিতি লিমিটেডের সাবেক সভাপতি ও অডিটর মো. রফিকুল ইসলামকে সমিতি থেকে ২ কোটি ৩৩ লাখ ৫৮ হাজার ৭৭৯ টাকা আত্মসাতের মামলায় গ্রেফতার করে দুদক। প্রেগ্রেসিভ লাইফ ইন্সুরেন্সের সাবেক হিসাবরক্ষক রাজু আহমেদকে বীমা গ্রাহকের কাছ থেকে ১৭ লাখ ৯৬ হাজার ১৭৯ টাকা উত্তোলন করে আত্মসাতের দায়ে পল্টন থানায় দায়ের করা দুই মামলায় গ্রেফতার করা হয়।
