১৮তম দুবাই ওপেন দাবার ফলাফল

আপডেট : ২০ এপ্রিল ২০১৬, ২১:৪২
সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে অনুষ্ঠিত ১৮তম দুবাই ওপেন দাবা-এ ৯ খেলায় ৫ পয়েন্ট করে পেয়ে বাংলাদেশ নৌবাহিনীর গ্র্যান্ড মাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব ৭২তম ও আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন ৮২তম স্থান লাভ করেছেন।
 
এছাড়া, বাংলাদেশ নৌবাহিনীর গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব সাড়ে চার পয়েন্ট পেয়ে ৯০তম স্থান লাভ করেন। মঙ্গলবার অনুষ্ঠিত নবম ও শেষ রাউন্ডের খেলায় রাকিব জর্ডানের ফিদে মাস্টার সামহুরির সাথে, মিনহাজ ভারতের হার্ষা বারাথাকটির সাথে এবং রাজীব ভারতের হেমন্ত শর্মার সাথে ড্র করেন।
 
৩৭টি দেশের ৪৬ জন গ্র্যান্ড মাস্টার, ৮ জন মহিলা গ্র্যান্ড মাস্টার ও ৩৯ জন আন্তর্জাতিক মাস্টারসহ ১৯৫ জন খেলোয়াড় এ ইভেন্টে অংশগ্রহণ করেন। সাড়ে সাত পয়েন্ট করে নিয়ে টাইব্রেকিং এ ইংল্যান্ডের গ্র্যান্ড মাস্টার জোনেস গাওয়াইন চ্যাম্পিয়ন এবং আর্মেনিয়ার গ্র্যান্ড মাস্টার অ্যাকোপিয়ান ভ্লাদিমির রানার্স-আপ হন।