আগামী আগস্টে রিও ডি জেনিরো অলিম্পিকের ইভেন্টেও সেরার মুকুট মাথায় পরতে চান জ্যামাইকার স্প্রিন্টার উসাইন বোল্ট। কারণ তার লক্ষ্য ট্রেবল জয়। বেইজিং ও লন্ডন অলিম্পিকের ১ ও ২'শ মিটারের পাশাপাশি রিলেতেও স্বর্ণ জিতেছিলেন বোল্ট। তাই রিও অলিম্পিকেও স্বর্ণ গলায় পরে ট্রেবল জিততে চান।
তাইতো সাফল্যটা অব্যাহত রাখতে চেয়ে বোল্ট বলেন, 'আগের দুই অলিম্পিকের মত রিও'তেও স্বর্ণ জিততে চাই। ট্রেবল জয়ই প্রধান লক্ষ্য।' বোল্ট এখন মনোযোগ দিচ্ছেন সেখানেই। ফলে ইতিহাসের প্রথম অ্যাথলেট হিসেবে রেকর্ড বইয়ে নিজের নাম তুলবেন তিনি।
শুধুমাত্র ট্রেবল জয়ই নয়, নিজের রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ডও গড়তে চান বোল্ট। ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে বার্ডস নেস্টে ২'শ মিটারে রেকর্ড ১৯.৩০ সেকেন্ড করেছিলেন তিনি। আর রিও'তে নিজের করা ওই রেকর্ড ভেঙ্গে ফেলতে চান বোল্ট। ১৯ সেকেন্ডের নিচে নতুন টাইমিং করার কথা নিজেই জানালেন বোল্ট, 'শুধু ট্রেবলই নয়। নতুন রেকর্ডও গড়তে চাই। ১৯ সেকেন্ডের নিচে টাইমিংটা রাখতে চাই। আশা করছি, সবকিছু ঠিক থাকলে আমি তা করতে পারবো।'
বেশ কিছুদিন অ্যাংকেল ইনজুরি পড়েছিলেন বোল্ট। আগের চেয়ে বর্তমানে বেশ ভালো আছেন তিনি। তবে তাকে আরও সুস্থ দেখতে চান তার কোচ। বোল্ট জানালেন , 'আমি আগের চেয়ে বেশ ভালো অনুভব করছি। তবে আমার এমন ফিটনেসে খুশী নন কোচ। আমাকে আরও বেশি সুস্থ দেখতে চান কোচ।'
