কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের সারুটিয়া গ্রামে প্রকাশ্য দিবালোকে ম্যাজিট্রেট ও ডিবি পুলিশ পরিচয়ে সুন্দরী এক বউ অপহরনের ঘটনা ঘটেছে। অপহৃতের নাম চাঁদনী খাতুন (১৯)। সে ওই গ্রামের আলী মণ্ডলের ছেলে নাঈম মণ্ডলের স্ত্রী।
জানা যায়, গত ১৮ এপ্রিল দুপুর দেড়টার সময় একটি হাইএক্স মাইক্রোবাস যোগে একদল সন্ত্রাসী সারুটিয়া গ্রামের উল্লেখিত বাড়ীতে গিয়ে ম্যাজিষ্ট্রেট ও ডিবি পুলিশ পরিচয় দিয়ে গৃহবধু চাঁদনীকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।
এই ঘটনায় অপহৃতের স্বামী নাঈম মণ্ডল বাদী হয়ে ১৯ এপ্রিল রাতে ৮ জনকে আসামী করে মিরপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন। আসামীরা হলেন, কুষ্টিয়া সদর থানার কুমারগাড়া গ্রামের জয়নাল আবেদিনের পুত্র মেহেদী হাসান বাপ্পী (২৬), মিরপুর পৌরসভার মোশারফপুর গ্রামের রুস্তম আলীর ছেলে সবুজ আলী (২৫), মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের সারুটিয়া মধ্যপাড়া গ্রামের মৃত শহর আলী সদ্দারের ২ ছেলে হাশেম আলী (৪৫) ও রাশেদ আলী (৫০), ছাতিয়ান গ্রামের মৃত রমজান আলীর ছেলে গফফার আলী (৫০), মৃত গেদা সর্দারের ছেলে তমিজ আলী (৪৫) ও একই গ্রামের মৃত ফড়ং সর্দারের ২ ছেলে মজিবার রহমান (৪০) ও ফজলুর রহমান (৩৫)।
অপহরনের ৩ দিন গত হলেও অপহৃত গৃহবধুকে পুলিশ উদ্ধার করতে পারেনি। এমনকি ঘটনার সঙ্গে জড়িত কাউকে এ রিপোট লেখা পর্যন্ত গ্রেফতার করা যায়নি। গৃহবধু অপহরনের ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
