খালেদা জিয়ার অনুপস্থিতিতে বাদীর জেরা চলছে

আপডেট : ২১ এপ্রিল ২০১৬, ১২:১০
 
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে মামলার বাদী দুদকের উপ-পরিচালক হারুন অর রশিদকে জেরা করছেন খালেদা জিয়ার আইনজীবীরা। বৃহস্পতিবার পুরান ঢাকার বকশি বাজারের আলিয়া মাদ্রাসা সংলগ্ন অস্থায়ী আদালতে ঢাকার তিন নম্বর বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালতে এ জেরা চলছে।
 
এর আগে বৃহস্পতিবার সকালে আদালতের কার্যক্রম শুরু হলে শারীরিক অসুস্থতার কারণে বেগম জিয়া আদালতে হাজির হতে পারেন নি। এ কারণে তার আইনজীবী সানাউল্লাহ মিয়া সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে তদন্ত কর্মকর্তাকে জেরা করার আদেশ দেন।
 
খালেদা জিয়ার পক্ষে সাবেক অ্যাটর্নি জেনারেল আব্দুর রেজ্জাক খান জেরা করছেন।
 
এতিমদের জন্য বিদেশ থেকে আসা দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগে মামলাটি দায়ের করে দুদক। ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় এই মামলাটি দায়ের করা হয়।
 
২০০৯ সালের ৫ আগস্ট আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক।