যথাযোগ্য মর্যাদা ও উত্সাহ-উদ্দীপনার মধ্য দিয়ে রবিবার সারাদেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
খুলনা: সকালে খুলনা নিউ মার্কেট থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শেষ হয়। র্যালিতে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুস সামাদ, বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়াসহ মুক্তিযোদ্ধা, বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারি-বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের উদ্যোগে সকালে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা হয়। এছাড়া খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা, জাতির পিতার জীবনাদর্শের ওপর তথ্যভিত্তিক ভ্রাম্যমাণ চলচ্চিত্র প্রদর্শনী, সংবাদপত্রসমূহে বিশেষ নিবন্ধন ও ক্রোড়পত্র প্রকাশ করা হয়। অন্যদিকে, খুলনা জেলা জাতীয় পার্টির (জেপি) উদ্যোগে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা হয়।
রাজশাহী: সকালে বিভাগীয় কমিশনার নূর-উর রহমান, রেঞ্জ ডিআইজি এম খুরশীদ হোসেন, জেলা প্রশাসক এসএম আব্দুল কাদের ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহর নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে শেখ রাসেল মডেল স্কুল এবং বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের শিশুদের র্যালির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আবদুস সোবহান। এদিকে রাজশাহী জেলা প্রশাসন এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করে। পরে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী হয়। সকালে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় অধ্যাপক তরুণ কুমার সরকার ও পরীক্ষা নিয়ন্ত্রক আনারুল হক প্রামাণিকসহ উর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য দেন।
রংপুর: রংপুর সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় জেলা প্রশাসনের আয়োজনে নগরীর ডিসির মোড়ে বঙ্গবন্ধুর মুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে জেলা প্রশাসনের আয়োজনে রংপুর জিলা স্কুল থেকে একটি র্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালির উদ্বোধন করেন রংপুরের বিভাগীয় কমিশনার জয়নুল বারি। এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, র্যাব-১৩ এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক, পুলিশের রংপুর রেঞ্জ অতিরিক্ত ডিআইজি মজিদ আলী, জেলা প্রশাসক এনামুল হাবিব প্রমুখ।
বরিশাল: নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। এ ছাড়া জেলা আওয়ামী লীগের পক্ষে সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান সাবেক সাংসদ মোঃ মইদুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের পক্ষে গোলাম আব্বাস চৌধুরী দুলাল পুষ্পস্তবক অর্পণ করেন। জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে বঙ্গবন্ধু উদ্যানে হাজার শিশুর সমাবেশ হয়। সেখান থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে অশ্বিনী কুমার হলে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস। জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিএমপি কমিশনার মোশারফ হোসেন, রেঞ্জ মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শহিদুল ইসলাম প্রমুখ।
ময়মনসিংহ:সার্কিট হাউজ মাঠে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিভাগীয় কমিশনারসহ বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধানরা। পরে একটি আনন্দ র্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউন হলে গিয়ে শেষ হয়। র্যালিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। র্যালি শেষে টাউন হল অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটরিয়ামে জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) নিরঞ্জন দেবনাথ, রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, পুলিশ সুপার শাহ আবিদ হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান প্রমুখ বক্তব্য রাখেন।
পিরোজপুর: সকালে বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। পরে জেলা প্রশাসনের আয়োজনে একটি আনন্দ র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্বাধীনতা চত্বরে শিশু মেলা প্রাঙ্গণে মিলিত হয়। মেলা প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার মো. সালাম কবির, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র হাবিবুর রহমান মালেক প্রমুখ।
দিনাজপুর:জাতির জনক বঙ্গবন্ধুর শততম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দিনাজপুর প্রেসক্লাবে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসি বাচ্চুর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক প্রমুখ। এর আগে জেলা প্রশাসনের আয়োজনে জেলা কালেক্টর ভবনের সম্মুখে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিভিন্ন রাজনৈতিক দল ও স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
টাঙ্গাইল: সকালে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে আনন্দ র্যালি বের হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর কর্মময় জীবনের উপর আলোচনা সভায় বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক। জেলা প্রশাসক শহীদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা করেন পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোশারফ হোসেন খান প্রমুখ।
সাতক্ষীরা:বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সাতক্ষীরা ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে মা ও শিশু উত্সব অনুষ্ঠিত হয়। হাসপাতালটির প্রশাসনিক কর্মকর্তা আনারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক এবং স্বাধীনতা চিকিত্সক পরিষদ সাতক্ষীরার সাধারণ সম্পাদক ডা. মনোয়ার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা মেডিক্যাল কলেজের আবাসিক মেডিক্যাল সার্জন ডা. রাশিদুজ্জামান, গাইনি সার্জন ডা. ইয়াসমিন সুলতানা, চক্ষু সার্জন ডা. আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ। পরে বঙ্গবন্ধুর জীবনীর উপর প্রশ্নোত্তর শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পঞ্চগড়: শুরুতেই পঞ্চগড় সার্কিট হাউজ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়। পরে সার্কিট হাউজ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। সরকারি অডিটোরিয়াম চত্বরে আলোচনা সভায় ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার গিয়াসউদিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ গোলাম আজম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট প্রমুখ।
নওগাঁ: জাতির জনকের জন্মদিন ও জাতীয় শিশু দিবসের র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজানুর রহমান। জেলা প্রশাসনের আয়োজনে জিলা স্কুল মাঠ থেকে র্যালি বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেডি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় সাবেক এমপি আব্দুল মালেক, পুলিশ সুপার ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক প্রমুখ বক্তব্য রাখেন। জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। অন্যদিকে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ নওগাঁ জেলা শাখার উদ্যোগে খাস নওগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও পশ্চিম নওগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চার শতাধিক শিক্ষার্থীর মাঝে ক্লাস রুটিন ও কলম বিতরণ করা হয়।
কুড়িগ্রাম: জেলা প্রশাসনের উদ্যোগে স্বাধীনতার বিজয়স্তম্ভে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতা-কর্মীদের সমন্বয়ে অনুষ্ঠিত হয় আনন্দ র্যালি। এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনিরউদ্দিন আহমেদ, জেলা প্রশাসক সুলতানা পারভীন, পুলিশ সুপার মেহেদুল করিম প্রমুখ। এছাড়াও জেলা আওয়ামী লীগ, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, শিশু একাডেমিসহ বিভিন্ন্ সংগঠন পৃথক পৃথকভাবে আয়োজন করে দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির।
মাগুরা: জেলা প্রশাসনের উদ্যোগে নোমানী ময়দান থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নোমানী ময়দানে গিয়ে শেষ হয়। এরপর জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। আছাদুজ্জামান মিলনায়তনে জেলা প্রশাসক মোঃ আলী আকবরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এমপি ও ড. বিরেন শিকদার এমপি।
লালমনিরহাট: সকালে সরকারি হাইস্কুল খেলার মাঠে শিশু সমাবেশ শেষে একটি আনন্দ র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আল নাহিয়ান শিশু পরিবারের সামনে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ। বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান, পুলিশ সুপার এস.এম রশিদুল হক, সিভিল সার্জন ডা. কাশেম আলী প্রমুখ।
নেত্রকোনা: মোক্তারপাড়াস্থ মুক্তমঞ্চে প্রথমে জেলা প্রশাসক মঈনউল ইসলামের নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ সুপার জয়দেব চৌধুরীর নেতৃত্বে পুলিশ প্রশাসন, পৌর মেয়র নজরুল ইসলাম খানের নেতৃত্বে পৌরসভা, জেলা আওয়ামী লীগ সভাপতি মতিয়র রহমান খান এবং মহিলা আওয়ামী লীগ সম্পাদক হাবিবা রহমান খান শেফালী এমপির নেতৃত্বে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। এরপর সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আমীনের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ, জেলা প্রেসক্লাব, মহিলা পরিষদসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংকসহ সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে।
নড়াইল: সকাল আটটায় শহরের পুরাতন বাস টার্মিনালে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজামউদ্দিন খান নিলুসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এরপর বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় শিশু সমাবেশ। পরে একটি আনন্দ র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়। জেলা শিল্পকলা একাডেমিতে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় এবং কেক কাটা হয়। পরে জেলা প্রশাসক আনজুমান আরার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস প্রমুখ।
সিরাজগঞ্জ: দিনের শুরুতেই জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন দলের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্নার নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা। জেলা প্রশাসনের আয়োজনে একটি র্যালি বের হয়। পরে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা। আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইসাহাক আলী, অ্যাড. বিমল কুমার দাস, আবু ইফসুফ সূর্য প্রমুখ।
নীলফামারী: জেলা প্রশাসনের আয়োজনে একটি আনন্দ র্যালি জেলা প্রশাসক চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালিতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আশরাফ হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাড. মমতাজুল হক প্রমুখ। এর আগে সকালে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয় শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন। এরপর একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। পরে সেখানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক।
মাদারীপুর:মাদারীপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এবং জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। স্থানীয় স্বাধীনতা অঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান এমপি। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান মো. মিয়াজউদ্দিন খান, পুলিশ সুপার সুব্রত কুমার হালদার, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ প্রমুখ। বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
শরীয়তপুর: সকালে শিশু কিশোর র্যালি ও সমাবেশের আয়োজন করে জেলা প্রশাসন। এরপরে কেন্দ্রীয় শহীদ মিনারে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক কাজী আবু তাহের, পুলিশ সুপার আব্দুল মোমেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা শিকদার প্রমুখ। অন্যদিকে, আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা শিকদারের সভাপতিত্বে আলোচনা সভা হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন অপু এমপি। বক্তব্য রাখেন, শরীয়তপুর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অনল কুমার দে, যুগ্ম সাধারণ সম্পাদক পিপি মির্জা হযরত আলী, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান উজ্জল প্রমুখ।
ভোলা (দক্ষিণ): জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা হয়। জেলা প্রশাসক মো. মাসুদ আলম সিদ্দিক, পুলিশ সুপার মো. মোকতার হোসেনসহ প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা এতে উপস্থিত ছিলেন। ভোলার চরফ্যাশন সরকারি কলেজ ক্যাম্পাসে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতির উন্মোচন করেন সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব। এছাড়া ভোলা জেলার সাত উপজেলায় আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
গাইবান্ধা: জেলা প্রশাসনের আয়োজনে সকালে পৌর পার্কের বিজয় স্তম্ভে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ ও বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তোফায়েল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. আব্দুল মতিন, পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, গাইবান্ধা পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন প্রমুখ।
রাজবাড়ী: জেলা প্রশাসকের কালেক্টরেট চত্ত্বরে নির্মিত জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা হয়। প্রধান অতিথি হিসেবে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মো. শওকত আলী, পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি পুষ্পমাল্য অর্পন করেন। এরপর বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান পুষ্পমাল্য অর্পন করে।
পটুয়াখালী: জেলা প্রশাসনের উদ্যোগে সকালে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ সংলগ্ন বঙ্গবন্ধুর মুরাল প্রঙ্গনে জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে সেখান থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শিশু একাডেমি মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়। এছাড়াও শহরের প্রবীন হিতৈষী সংঘ ও হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে শিশু স্বাস্থ্য ক্যাম্পে শিশুদের বিনামূল্যে চিকিত্সা সেবা দেয়া হয়।
বগুড়া: বগুড়া জেলা আওয়ামী লীগ সকালে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে। পরে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. মকবুল হোসেন। এ ছাড়া সরকারি আজিজুল হক, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, বগুড়া সাংবাদিক ইউনিয়ন, জেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান দিনটি নিয়ে নানা কর্মসূচি পালন করে।
নরসিংদী: জেলা সার্কিট হাউজ থেকে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের নেতৃত্বে একটি আনন্দ র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, সিভিল সার্জন ডা. হেলাল উদ্দিনসহ সকল শ্রেণি পেশার মানুষ। জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিশু প্রতিনিধি আলিফ আল হাসান।
ভাণ্ডারিয়া (পিরোজপুর): সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি র্যালি বের হয়। পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ওসি মো. শাহাবুদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু, পৌর কাউন্সিলর গোলাম সরওয়ার জোমাদ্দার প্রমুখ। এদিকে জাতির জনকের জন্মদিন উপলক্ষে ভাণ্ডারিয়া মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে কেক কাটা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুকুজ্জামান মন্টুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার। এছাড়াও বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির অন্যতম সদস্য ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, শিক্ষক প্রবীর হালদার মিন্টু, মো. আবুয়াল হোসেন হাওলাদার প্রমুখ।এ ছাড়া ভাণ্ডারিয়া মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত হয়।
ডামুড্যা (শরীয়তপুর): ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পরিচালনায় একটি আনন্দ র্যালি বের হয়। এ সময় উপস্থিত ছিলেন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোক্তার হোসেন, সিনিয়র শিক্ষক নাজমুন নাহার শিরিন, লতিকান্ত মিস্ত্রি প্রমুখ।
এ ছাড়া পঞ্চগড়ের দেবীগঞ্জ, নেত্রকোনার কলমাকান্দা, ফরিদপুরের মধুখালী, কুমিল্লার লাকসাম, শেরপুরের ঝিনাইগাতী, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ, বরিশালের গৌরনদী, কুড়িগ্রামের উলিপুর, লালমনিরহাটের কালীগঞ্জ, ময়মনসিংহের ত্রিশাল, শেপুরের শ্রীবরদী, শরীয়তপুরের গোসাইরহাট, সিরাজগঞ্জের তাড়াশ, ভোলার মনপুরা, কুষ্টিয়ার মিরপুর, পাবনার চাটমোহর, মেহেরপুরের গাংনী, নেত্রকোনার পুর্বধলা, নরসিংদীর শিবপুরসহ সারাদেশে নানা আয়োজনে বঙ্গবন্ধুর শততম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়।
