আশুলিয়ায় দুইজনকে ছুরিকাঘাত করে স্বর্ণসহ তিন লাখ টাকা লুট

আপডেট : ২১ এপ্রিল ২০১৬, ১৫:২৭
সাভারের আশুলিয়ায় এক স্বর্ণ ব্যবসায়ীসহ দুইজনকে ছুরিকাঘাত করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করেছে দুর্বৃত্তরা। আহতরা হলেন, স্বর্ণ ব্যবসায়ী রিপন শেম (৩৯) ও সাংগু গার্মেন্টের সুপারভাইজার চৈতন্য (৩৫)। 
 
বুধবার রাতে আশুলিয়া ইউনিয়নের দোসাইদ গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 
জানা গেছে, রাতে দোসাইদ বাজারে নিজ স্বর্ণের দোকান থেকে কাজ শেষে ১৫ ভরি স্বর্ণালংকার ও স্বর্ণ বিক্রির তিন লাখ টাকা নিয়ে বাসায় ফিরছিলেন রিপন শেম ও চৈতন্য। পথে দোসাইদ স্কুল অ্যান্ড কলেজের পিছনে ৮/১০ দুর্বৃত্ত তাদের গতি রোধ করে। এ সময় দুর্বৃত্তরা রাস্তায় ককটেলের বিস্ফোরণ ঘটায় ও ছুরিকাঘাত করে রিপনের কাছ থেকে ১৫ ভরি স্বর্ণ ও তিন লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে তারা চৈতন্যকেও ছুরিকাঘাত করে এবং পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে প্রাইভেটকারে করে পালিয়ে যায়। স্থানীয়রা আহত দুই জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।
 
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে তদন্ত করে দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।