সিলেটে ঝুঁকিপূর্ণ ভবন ভাঙা শুরু

আপডেট : ২১ এপ্রিল ২০১৬, ১৪:৪১
সিলেটে ভূমিকম্পে ধসে যাওয়ার আশঙ্কা রয়েছে এমন ঝুঁকিপূর্ণ ভবনগুলো ভাঙার কাজ শুরু করেছে সিটি করপোরেশন।
 
বৃহস্পতিবার দুপুরে নগরীর তাঁতীপাড়া এলাকায় চার তলা একটি ভবন ভাঙার মধ্য দিয়ে এ অভিযান শুরু হয়। 
 
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব বলেন, ‘সাম্প্রতিক সময়ে কয়েকটি ভূমিকম্পের কারণে সিলেটে জনমনে আতঙ্ক বেড়েছে। শাহজালার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় বিশেষজ্ঞ টিমের মাধ্যমে নগরীর ৩০টি ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা তৈরি করেছে সিটি কর্পোরেশন। এসব ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে ফেলার জন্য সংশ্লিষ্টদের নোটিস দেয়া হয়েছে।’
 
তিনি বলেন, ‘এর বাইরে আরো ২০-৩০টি ভবন শনাক্ত করা হয়েছে। এসব ভবনে ঝুঁকি নিয়ে মানুষ বসবাস করছে। বসবাসকারীদের সরে যেতে এবং প্রতিষ্ঠানকে সরিয়ে নিতে নোটিস দেয়া হয়েছে। ভবনগুলোর মধ্যে বাসা-বাড়ি ছাড়াও মার্কেট, শিক্ষা প্রতিষ্ঠান, হোটেল, সরকারি-বেসরকারি স্থাপনা রয়েছে।’
 
এনামুল হাবিব জানান, পর্যায়ক্রমে সব ঝুঁকিপূর্ণ ভবন ভাঙার কাজ শুরু হবে।
 
ঝুঁকিপূর্ণ তালিকায় থাকা ভবনগুলো হলো- কালেক্টরেট ভবন-৩, সমবায় ভবন, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, কাস্টমস ও ভ্যাট অফিস ভবন, জেলা এসএ রেকর্ড অফিস, সুরমা মার্কেট, বন্দর বাজার সিটি সুপার মার্কেট, জিন্দাবাজার রহমান প্লাজা, মিতালী ম্যানশন, সিলেট মডেল স্কুল এন্ড কলেজ, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, কারিগরী ইনস্টিটিউট, সিলেট সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়, মদিনা মার্কেট এলাকার কিছু বাসা-বড়ি, আজমীর হোটেল, মাহমুদ কমপ্লেক্স এর পেছনের বাসা, শেখঘাটের পুরাতন পাসপোর্ট অফিনের সাথের বাসা, সিলেট মদন মোহন কলেজের নবনির্মিত ভবন, মধুবন সুপার মার্কেট, পূর্বশাহী ঈদগাহের খান কুঞ্জ, কালাশীল এলাকার মান্নান ভিউ, শুভেচ্ছা-২২৬ শেখঘাট, চৌকিদেখীর সরকার ভবন, যতরপুরের নবপুষ্প ২৬/এ, জিন্দাবাজারের রাজা ম্যানশন, ভাতালিয়ার ১১৮ সীমানা দেয়াল, পুরাণ লেনের কিবরিয়া লজ, ভার্তখলার বাবর ট্রাভেলস ও খার পাড়া মিতালী-৭৪ নম্বর বাড়ি।