ভাণ্ডারিয়ায় জেপি মনোনীত ভাইস চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রচারণা

আপডেট : ১৭ মার্চ ২০১৯, ২১:৩৩

ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা

ভাণ্ডারিয়ায় জাতীয় পার্টি জেপি মনোনীত এবং আওয়ামী লীগ সমর্থিত উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. মশিউর রহমান মৃধার পক্ষে শনি ও রবিবার নির্বাচনী প্রচারণা চালানো হয়েছে। উপজেলার বিভিন্ন স্থানে জেপি নেতৃবৃন্দের উদ্যোগে পৃথক পৃথক নির্বাচনী মতবিনিময় সভা হয়।

গৌরীপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেপির উপজেলা যুগ্ম আহ্বায়ক ও গৌরীপুর ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী, ভাণ্ডারিয়া পৌর শহরের পূর্ব-ভাণ্ডারিয়া মিরা বাড়ি বাজারে স্থানীয় পৌর কাউন্সিলর মো. হারুন অর রশিদ, কানুয়া গ্রামে কাউন্সিলর মো. মানিক হাওলাদার, চিংগুরিয়া স্কুল মাঠে স্থানীয় যুবলীগ নেতা মো. সুমন মীর, নদমুলা ইউনিয়নের কলোনি বাজারে ছাত্রসমাজ নেতা মামুন ফরাজী, নদমুলা ইউনিয়নের বাদল মার্কেটে উপজেলা মেম্বার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মনির হাওলাদার।

পৃথক সভায় বক্তব্য রাখেন জেপির উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, জেপির মহিলা পার্টির উপজেলা সভানেত্রী এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আখতার, জেপি মনোনীত এবং আওয়ামী লীগ সমর্থিত বাইসাইকেল মার্কার প্রার্থী জেপির উপজেলা যুগ্ম আহ্বায়ক ও সাবেক ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, জেপির উপজেলা সহ-সভাপতি শফিকুল ইসলাম খোকন সিকদারসহ স্থানীয় জেপি ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

সভায় বক্তারা ৩১ মার্চ চতুর্থ ধাপে অনুষ্ঠেয় ভাণ্ডারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি মনোনীত এবং আওয়ামী লীগ সমর্থিত ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. মশিউর রহমান মৃধার বাইসাইকেল মার্কায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে ভোট প্রদানের মাধ্যমে বিজয়ী করার আহ্বান জানান। দলের চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং তার হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান বক্তারা।