চলতি মাসে শুরু হচ্ছে ফেডারেশন কাপ হকি

আপডেট : ২১ এপ্রিল ২০১৬, ১৮:২৮
হকির সঙ্গে আবারও যুক্ত হয়েছে ওয়ালটন। ইলেক্ট্রনিকস নির্মাণকারী প্রতিষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় চলতি মাসের শেষ দিকে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ালটন ফেডারেশন কাপ হকি। এবারের এই আসরে মোট ৯টি দল অংশ নিবে। চ্যাম্পিয়ন ও রানার আপ দলের জন্য প্রাইজমানির ব্যবস্থা থাকবে। মিডিয়া পার্টনার এটিএন বাংলা নির্দিষ্ট কিছু ম্যাচ সরাসরি সম্প্রচার করার চেষ্টা করবে।
 
এ বিষয়ে ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘হকির সঙ্গে আগেও আমরা ওয়ালটন গ্রুপ সম্পৃক্ত হয়েছি। ফেব্রুয়ারি-মার্চে ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয়েছে তৃতীয় জাতীয় মহিলা হকি। এবার ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ফেডারেশন কাপ হকি। আমরা মনে করি ফেডারেশন কাপ হকির মাধ্যমে খেলোয়াড়রা তাদের পারফরম্যান্সের উন্নতি করতে পারবে। পাশাপাশি দল বদলের মাধ্যমে তারা আর্থিকভাবেও কিছুটা লাভবান হবে।’
 
এ বিষয়ে বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতি খাজা রহমতউল্লাহ বলেন, ‘ওয়ালটন গ্রুপ শুধু হকি নয়, সব ধরণের খেলাধুলায় যেভাবে পৃষ্ঠপোষকতা করছে সেটা ক্রীড়াঙ্গনের জন্য নিঃসন্দেহে উৎসাহব্যঞ্জক। আশা করব ভবিষ্যতেও ওয়ালটন গ্রুপ হকির পাশে থাকবে।’
 
এই প্রতিযোগিতার অফিসিয়াল পার্টনার থাকবে ওয়ালটন গ্রুপের ব্র্যান্ড মার্সেল। আর অনলাইন মিডিয়া পার্টনার অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডট কম। আর এটিএন বাংলা বরাবরের মতোই এই প্রতিযোগিতার মিডিয়া পার্টনার।