সীতাকুণ্ডে ডাকাতকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

আপডেট : ২১ এপ্রিল ২০১৬, ১৭:১৫
 
সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শুকলালহাট এলাকায় ডাকাতির প্রস্ততিকালে রাম বিলাস দাস (৩০) নামে এক দুর্ধর্ষ ডাকাতকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
 
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ৯টায় উপজেলার শুকলালহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৮/১০জনের একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় টের পেয়ে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা একত্রিত হয়ে ডাকাতদের ধাওয়া করলে অন্য ডাকাতরা পালিয়ে গেলেও রাম বিলাস দাস (৩০) কে ধরে গণধোলাই দেয়। সে পৌরসদর মহাদেবপুর এলাকার উপেন্দ্র বাবুর ছেলে বলে জানা গেছে।
 
পরে সীতাকুণ্ড থানার পুলিশের হাতে  তাকে সোপর্দ করা হয়। স্থানীয়রা আরো জানান, রাম বিলাসের বাড়ি পৌরসদর এলাকায় হলেও সে এসকেএম জুটমিলস দাশপাড়ায় আস্তানা তৈরি করে চাঁদাবাজি, ডাকাতি, অস্ত্র ব্যবসাসহ বিভিন্ন অপকর্ম চালাত। তার অপকর্মে এলাকাবাসী অতিষ্ঠ হলেও ভয়ে কেউ প্রতিবাদ করেনি।
 
সীতাকুণ্ড থানার এসআই ইকবাল জানান, রাম বিলাস নামে এক ডাকাতকে জনতা ধরে পুলিশে দিয়েছে। সে ইতিপূর্বেও একটি নাইনএমএন পিস্তল ও ২টি গুলিসহ পুলিশ হাতে ধরা পড়ে। তার বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতি মামলাসহ একাধিক মামলা রয়েছে। বুধবার তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।