শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করার লক্ষ্যে শিক্ষার্থীদেরকে প্রশিক্ষণ দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
বৃহস্পতিবার রাজধানীর শেরে বাংলা বালক স্কুল এন্ড কলেজে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক কর্মসূচির অধীনে আয়োজিত কর্মশালায় এ প্রশিক্ষণ দেওয়া হয়।
কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মুস্তাফিজুর রহমান আকন্দ, শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক কর্মসূচির পরিচালক ফরিদ আহমেদ এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি) ট্রাস্ট এর সহকারি এডভোকেসি অফিসার নাইমা আক্তার।
IMG0
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডব্লিউবিবি ট্রাস্ট এর প্রকল্প কর্মকর্তা আতিকুর রহমান। কর্মশালার মূল উপস্থাপনায় বলা হয়, 'নগর জীবনে আমাদের অধিকাংশ সময় অসহনীয় শব্দের সঙ্গে বসবাস করছি। শব্দ দূষণ প্রধান ৩০ টি রোগের কারণ। শব্দ দূষণের ফলে শ্রবণ শক্তি কমে যায়, কার্যক্ষমতা কমে যায়, মানসিক অশান্তি এবং ঘুমের সমস্যা দেখা দেয়।'
আয়োজিত কর্মশালায় শব্দ দূষণের উৎসসমূহ বন্ধ করার পাশাপশি সকল শ্রেনীর নাগরিকদেরকে সচেতন কারার লক্ষ্যে শিক্ষক এবং শিক্ষার্থীদেরকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
