স্কুলের শেণিকক্ষে ছাত্র ও শিক্ষকের মধ্যে মারামারির ঘটনা তদন্ত করছে চীনা কর্তৃপক্ষ। চীনের আনহুয়ি প্রদেশে ঘটা মারামারির ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ার পর দেশটিতে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে এক ছাত্রের গলা চেপে ধরে রেখেছেন শিক্ষক। ক্লাশের অপর ছাত্রদের এসময় ওই শিক্ষককে লাথি-ঘুষি মারতে দেখা যায়।
চীনে ক্লাশ রুমে মারপিটের ঘটনা অত্যন্ত বিরল। দেশটিতে শিক্ষকদের প্রতি ছাত্রদের সম্মান দেখাতে শিখানো হয়।
গত বৃহস্পতিবার প্রথমে স্থানীয় গণমাধমে ঘটনাটি প্রকাশিত হয়। এর পর দেশের জাতীয় গণমাধ্যমে খবরটি প্রকাশ করা হয়। মারপিটের ভিডিও ছড়িয়ে পড়ার পর অনলাইনে এ নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে।



দেশটির শিক্ষা কর্মকর্তারা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, মারপিটের ঘটনা তদন্ত করা হচ্ছে। স্কুলের প্রিন্সিপালকে ইতিমধ্যে বহিষ্কার করা হয়েছে। সেইসঙ্গে ছাত্র ও শিক্ষকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সূত্র: বিবিসি
