লক্ষ্মণের মুস্তাফিজ বন্দনা

আপডেট : ২১ এপ্রিল ২০১৬, ১৭:৪৫
অভিষেক থেকেই আলো ছড়াচ্ছেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের এই কাটার স্পেশালিস্ট বিশ্বসেরা ব্যাটসম্যানদের বোকা বানিয়ে তুলে নিচ্ছেন  একের পর এক উইকেট।আন্তর্জাতিক ক্রিকেটের পর এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও আলোচনার কেন্দ্রে বাংলাদেশি এই কাটার মাস্টার।
 
আইপিএলে ২০ বছর বয়সী মুস্তাফিজের পারফরম্যান্স এতটাই দুর্দান্ত যে, তাকে জায়গা ছেড়ে দিতে বেঞ্চে বসে থাকতে হচ্ছে বোলার ট্রেন্ট বোল্টকেও। আর তার এই দারুণ সাফল্যের জন্য মুস্তাফিজকে হায়দরাবাদ শিবিরের ‘এক্স ফ্যাক্টর’ বলেছেন ভারতের সাবেক ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ।
 
দুই সপ্তাহ ধরে হায়দরাবাদের হয়ে কাজ করছেন লক্ষ্মণ। তাই মুস্তাফিজকে খুব কাছ থেকেই পর্যবেক্ষণ করছেন তিনি। মুস্তাফিজের বোলিং বৈচিত্র্য নিয়ে তিনি বলেন, ‘তার (মুস্তাফিজ) বোলিংয়ে বৈচিত্র্য এবং নির্ভুলতা রয়েছে। চাপের মুহূর্তেও আপনাকে সেই বিষয়গুলো মাথায় রাখতে হবে। অনেক প্রতিভাবান ক্রিকেটারই চাপের সময় তা ঠিক রাখতে পারে না। কিন্তু মুস্তাফিজ নিয়মিতই তা করছে।’
 
মুস্তাফিজের আত্মবিশ্বাস নিয়ে লক্ষ্মণ বলেন, ‘মুস্তাফিজ আত্মবিশ্বাসী একজন বোলার। তার কাজের ধরন অসাধারণ। সে বরাবরই স্মার্ট একজন বোলার। সে তার দক্ষতা নিয়ে কঠোর পরিশ্রম করে।’