নেত্রকোনা প্রতিনিধি
ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার বলেছেন, সরকার দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ইন্টারনেটের আওতায় আনার লক্ষ্যে কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথিবীতে প্রথম মানুষ যিনি বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ ঘোষণা করেছেন। ইতোমধ্যে দেশ ডিজিটাল যুগে প্রবেশ করেছে। নেত্রকোনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন উপলক্ষে শনিবার শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক রফিকউল্লাহ খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নেত্রকোনার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী। মূল আলোচক ছিলেন স্বাধীনতা পদকপ্রাপ্ত লে. কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল মতিন প্রমুখ।
