আট দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) স্নাতক পর্যায়ের শিক্ষা কার্যক্রম আগামী ৩ মে শুরু হচ্ছে।
বৃহস্পতিবার বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যানদের সঙ্গে ভারপ্রাপ্ত উপাচার্য রফিকুল আলমের বৈঠকের পর বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার সিদ্ধান্ত হয় বলে জনসংযোগ কর্মকর্তা ফজলুর রহমান জানিয়েছেন।
ফজলুর রহমান বলেন, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ক্যাম্পাসে সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ থাকবে। শিক্ষার্থীদের হলে প্রবেশের সময় পরিচয়পত্র সঙ্গে রাখারও নির্দেশ দেয়া হয়েছে।
গত ২৯ মার্চ স্থাপত্য বিভাগ চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. মোহাইমিনুল ইসলাম সিয়াম নিহত হওয়ার পর আট দফা দাবি আদায়ে আন্দোলন নামে শিক্ষার্থীরা। আন্দোলনের ছয়দিনের মাথায় গত ৭ এপ্রিল অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ের স্মাতক শ্রেণির অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধের ঘোষণা দেয় চুয়েট কর্তৃপক্ষ।
