ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতের বিকাশ ও উন্নয়নে আন্তর্জাতিকভাবে অনুসৃত সর্বোত্তম নীতি ও কৌশল সম্পর্কে ধারনা নেয়ার জন্য বাংলাদেশের ৪ সদস্যের একটি প্রতিনিধি দল কানাডা সফর করছেন।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। বৃহস্পতিবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। চার সদস্যের এ প্রতিনিধি দল বুধবার কানাডার মন্ট্রিলে পৌঁছেছেন উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশের প্রতিনিধি দলটি কানাডার বিভিন্ন এলাকাস্থ ক্ষুদ্র ও মাঝারি শিল্প-কারখানা সরেজমিনে পরিদর্শন এবং এ বিষয়ে সেদেশের উদ্যোক্তাদের সংঙ্গে মতবিনিময় করবেন।
শিল্প মন্ত্রণালয়ের উপ-প্রধান মু. আনোয়ারুল আলম, সিনিয়র সহকারী সচিব কামরুল হাসান ও মন্ত্রীর সহকারী একান্ত সচিব এ.এফ. মাহমুদ এ প্রতিনিধি দলে রয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বাস্তবায়িত 'উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে দারিদ্র্য বিমোচন ও বৈষম্য হ্রাসে সমন্বিত সহায়তা' শীর্ষক প্রকল্পের আওতায় তারা এ সফর করছেন।
শিল্পমন্ত্রী আগামী ২৪ এপ্রিল পর্যন্ত কানাডায় এসএমই এডুকেশন ফাউন্ডেশন, ডেভলপমেন্ট ব্যাংক অব কানাডা, বিশ্ব ব্যাংকের মন্ট্রিল ব্রাঞ্চ, কানাডা বিজনেস অনটারিওসহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এসএমই উন্নয়ন সম্পর্কিত কার্যক্রম প্রত্যক্ষ করবেন।
