চাটমোহর (পাবনা) সংবাদদাতা
শনিবার রাতে চাটমোহরে ইউপি চেয়ারম্যানসহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাদেরকে প্রথমে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহত ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান খোকনের বরাত দিয়ে পুলিশ জানায়, ওইদিন উপজেলার নিমাইচড়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রকৌশলী কামরুজ্জামান খোকন মোটর সাইকেলযোগে চাটমোহরের বাসায় ফিরছিলেন। এ সময় বোয়ালমারী ব্রিজের উপর সশস্ত্র দুর্বৃত্তরা তার উপর হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তার সাথে থাকা যুবলীগ নেতা সাকাওয়াতকেও কুপিয়ে আহত করা হয়। তাদের চিত্কারে আশেপাশের লোকজন বেরিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
চাটমোহর থানার ওসি সেখ মোঃ নাসীরউদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ দেয়া হয়নি। অভিযোগ পাওয়ার পর আইনানুগ পদক্ষেপ নেয়া হবে।
