‘বাফুফে নির্বাচনে কোনো সমঝোতা হয়নি’

আপডেট : ২১ এপ্রিল ২০১৬, ১৮:৪৯
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আসন্ন নির্বাচনে সরকার কিংবা সরকারি দলের কোনও প্রভাব নেই বলে জানালেন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের সভাপতি আ জ ম নাছির উদ্দিন। বৃহস্পতিবার বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
 
তিনি বলেন, ‘আমি স্পষ্টভাবে বলতে চাই বাফুফের ৩০ এপ্রিলের নির্বাচন অবাধ, গণতান্ত্রিক ও স্বচ্ছভাবে অনুষ্ঠিত হবে। নির্বাচনে সরকারের কোনও প্রভাব নেই, ভবিষ্যতেও থাকবে না। নির্বাচনে প্রধানমন্ত্রীর সংশ্লিষ্টতা বা কোনও নির্দেশনা আছে বলেও আমার জানা নেই।'
 
গুঞ্জন ছিল সরকারের নির্দেশে সমঝোতামূলক প্যানেল হবে। কিন্তু সব গুঞ্জন উড়িয়ে দিয়ে তিনি বলেন, ‘৩০ এপ্রিল নির্বাচন হবে। এখন পর্যন্ত কোনও সমঝোতা হয়নি। সমঝোতার উদ্যোগও নেওয়া হয়নি।’