যশোরের বাঘারপাড়ার মাদ্রাসায় শিকল দিয়ে বেঁধে রাখা শিশু আবুজারের বাবা ও মাদ্রাসা সুপারকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে বাঘারপাড়া থানা পুলিশ তাদের আটক করে। আটককৃতরা হলো শিশু আবুজারের বাবা বাঘারপাড়া উপজেলার সদুল্লাপুর গ্রামের বাসিন্দা আবদুল আলীম ও সদুল্লাপুর দড়িলাকুড়ে হাফিজিয়া মাদ্রাসার সুপার জাহাঙ্গীর আলম। নির্যাতনের শিকার শিশুটি শিকল পড়া অবস্থায় তিনদিন আগে মাগুরায় উদ্ধার হওয়ার পর উচ্চ আদালত রুল জারি করায় এ দুজনকে আটক করা হয়।
বাঘারপাড়া থানার পুলিশ জানায়, প্রায় তিন বছর আগে আবুজারকে তার বাবা আবদুল আলীম বাঘারপাড়ার সদুল্লাপুর দড়িলাকুড়ে হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি করেন। কিন্তু সেখানে পড়তে না চাওয়ায় মাদ্রাসার সুপার জাহাঙ্গীর আলম তাকে প্রায়ই নির্যাতন করতেন। এ সব কারণে মাঝে মধ্যেই মাদ্রাসা থেকে পালিয়ে যাওয়ায় বাবার সহযোগিতায় তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। গত ১৭ এপ্রিল রাতে শেকল বাঁধা অবস্থায় শিশুটি মাদ্রাসা থেকে পালিয়ে যায়। ওইদিন গভীর রাতে মাগুরা থেকে তাকে স্থানীয়রা উদ্ধার করে থানায় সোপর্দ করে। পরে তাকে বাঘারপাড়া থানায় পাঠানো হয়।
