উচ্ছেদ অভিযানে হামলায় পুলিশ সদস্য আহত, আটক ৪

আপডেট : ২১ এপ্রিল ২০১৬, ২০:০৬
রাজশাহীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে হামলার শিকার হয়েছে পুলিশ। এতে নগরীর রাজপাড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহবুব এবং এক নারী কনস্টেবল আহত হন।
 
এ হামলায় জড়িত থাকার অভিযোগে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) সাবেক কাউন্সিলর ও তার স্ত্রী-ছেলেসহ চারজনকে আটক করেছে পুলিশ। এরা হলেন, রাসিকের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নগরীর দাশপুকুর এলাকার কামাল হোসেন (৪৫), তার স্ত্রী সালমা বেগম (৪০), ছেলে শিমুল হোসেন (২২) এবং প্রতিবেশী এনামুল হকের ছেলে রুমন আলী (৩২)।
 
রাজপাড়া থানার ওসি মাহমুদুর রহমান জানান, সাবেক কাউন্সিলর কামাল হোসেন দাশপুকুর এলাকায় অবৈধভাবে রাস্তা দখল করে দোকানপাট নির্মাণ করেছেন। এতে এলাকাবাসীর ভোগান্তি হচ্ছিল। স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে রাজপাড়া থানার এসআই মাহবুব হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে যান। এ সময় কামাল হোসেন ও তার স্ত্রী-ছেলেসহ তাদের কয়েকজন অনুসারী  পুলিশের ওপর হামলা চালান। এতে এসআই মাহবুব এবং এক নারী কন্সটেবল আহত হন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশের ওপর হামলার অভিযোগে ওই চারজনকে আটক করা হয়।
 
ওসি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে সরকারি কাজে বাধাদান ও পুলিশের ওপর হামলার অভিযোগে থানায় মামলার প্রস্ততি চলছে।