দক্ষিণাঞ্চলের ৪৬ ফিলিং স্টেশনকে শোকজ

আপডেট : ২১ এপ্রিল ২০১৬, ২২:৩১
নীতিমালার শর্ত ভঙ্গ করে অননুমোদিত উৎস থেকে জ্বালানি তেল সংগ্রহের অভিযোগে খুলনাসহ দক্ষিণাঞ্চলের ১৩ জেলার ৪৬টি ফিলিং স্টেশনকে বিপিসি শোকজ করেছে। এসব প্রতিষ্ঠান সরেজমিনে পরিদর্শন করে বিপিসির কাছে অভিযোগ প্রমাণিত হয়েছে।
 
প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে রাষ্ট্রায়ত্ত সংস্থাটি আইনানুগ ব্যবস্থা নিতে পারে। দক্ষিণের জেলাগুলো হচ্ছে- খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, নড়াইল, মাগুরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ফরিদপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ।
 
সংশ্লিষ্ট সূত্র জানায়, পদ্মা, মেঘনা ও যমুনা কর্তৃপক্ষ থেকে সংগ্রহ করা জ্বালানির বিপরীতে বিক্রি করা জ্বালানির পরিমাণ বেশি পাওয়া যায়। বেসরকারি পরিশোধনকারী প্রতিষ্ঠান থেকে কম দামে জ্বালানি কিনে ৪৬টি ফিলিং স্টেশন খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করে। এতে সরকার রাজস্ব হারানোর পাশাপাশি যানবাহনের ইঞ্জিন নষ্ট হওয়ার ঘটনা ঘটেছে।
 
বিপণন বিভাগের সূত্র মতে, দক্ষিণাঞ্চলের ১৩ জেলায় পদ্মা, মেঘনা ও যমুনার ৩২৯টি ফিলিং স্টেশন রয়েছে। অননুমোদিত উৎসের তেলের দাম কম থাকায় উল্লিখিত ফিলিং স্টেশনগুলো বেসরকারি পরিশোধন কোম্পানির কাছ থেকে জ্বালানি সংগ্রহ করে।
 
বিপিসির পরিচালক (বিপণন) মীর আলী রেজা গণমাধ্যমকে জানিয়েছেন, অননুমোদিত উৎস থেকে জ্বালানি তেল সরবরাহ করায় দেশের বিভিন্ন স্থানের আটটি ফিলিং স্টেশনের লাইসেন্স বাতিল করা হয়েছে। নিম্নমানের জ্বালানি বিক্রির মাধ্যমে চুক্তির শর্ত ভঙ্গ করায় আরো কিছু ফিলিং স্টেশনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।