নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি পোশাক কারখানায় বৃহস্পতিবার দুপুরে ১৬ শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে। পরে অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় কর্তৃপক্ষ কারখানাটি ছুটি ঘোষণা করেন।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, মৌচাক এলাকায় কোরেস (বাংলাদেশ) লিমিটেড নামে পোশাক (সোয়েটার) কারখানার কয়েক শ্রমিক আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এদের দেখাদেখি আরও কয়েকজন শ্রমিকের একই অবস্থার সৃষ্টি হয়। পরে তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
কোরেস (বাংলাদেশ) লিমিটেড পোশাক কারখানার প্রশাসিক কর্মকর্তা নুরুল হুদা জানান, তাপদাহে বৃহস্পতিবার ৭ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছিল। পরে তারা চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। তিনি আরও জানান, বুধবার এক নারী শ্রমিক হাসপাতালে নেয়ার পথে স্ট্রোক করে মারা গেছেন।
সাজেদা হাসপাতালের জরুরি বিভাগের ডা. সাইদ জানান, বৃহস্পতিবার ৮ জন শ্রমিককে চিকিৎসা দেয়া হয়েছে। তারা গণহিস্টোরিয়া আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন।
এ বিষয়ে শিল্প পুলিশ-৪, নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার (এএসপি) এস এম মিজানুর রহমান জানান, কোরেস বাংলাদেশ লিমিটেড নামে কারখানার ১৬ শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। ফলে কর্তৃপক্ষ ওইদিনের জন্য কারখানাটি ছুটি ঘোষণা করেন।
