রাজশাহীতে ১০ দিনব্যাপী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সাংস্কৃতিক উত্সব শুরু

আপডেট : ১৭ মার্চ ২০১৯, ২১:৩৫

স্টাফ রিপোর্টার, রাজশাহী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে ১০ দিনব্যাপী সাংস্কৃতিক উত্সব শুরু হয়েছে। রবিবার সকালে নগরভবনের গ্রীনপ্লাজায় এ উত্সব এবং বই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সদস্য সচিব কবি শেখ হাফিজুর রহমান।

উত্সবের পৃষ্ঠপোষক রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর প্রফেসর ড. আতিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন, উপ-মহাদেশের প্রখ্যাত কথা সাহিত্যিক হাসান আজিজুল হক, রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, ভাষাসৈনিক গোলাম আরিফ টিপু। স্বাগত বক্তব্য রাখেন উত্সব উদযাপন পরিষদের আহ্বায়ক ভাষাসৈনিক আবুল হোসেন।

প্রধান অতিথি ড. আতিউর রহমান বলেন, বহু বছর এবং বহু সংগ্রাম ও ত্যাগের পর আমরা স্বতন্ত্র একটি জাতিসত্তার পরিচয় পেয়েছি। যে পরিচয় শুধু গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলের মানুষই নয়, পৃথিবীর স্থানে বসবাসরত সমগ্র বাঙালি গর্ব করে বলতে পারে, আমি বাঙালি, বাংলা আমার দেশ, বাংলা আমার অহংকার।

অনুষ্ঠানে কথা সাহিত্যিক হাসান আজিজুল হক ও ভাষাসৈনিক গোলাম আরিফ টিপুকে সম্মাননা স্মারক তুলে দেন মেয়র লিটন। এছাড়া চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।