২৩ এপ্রিলের মধ্যে প্রার্থী চূড়ান্ত করার আহ্বান আ'লীগের

আপডেট : ২১ এপ্রিল ২০১৬, ২২:৫৩
বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সদ্য তফসিল ঘোষিত ৯টি পৌরসভার দলীয় প্রার্থী চূড়ান্তের লক্ষ্যে আগামী ২৩ এপ্রিলের মধ্যে একক প্রার্থীর নাম সুপারিশ করতে জেলা, উপজেলা, পৌরসভা ও স্থানীয় এমপিদের প্রতি আহ্বান জানিয়েছে।
 
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলীয় একক প্রার্থীর নাম ঠিক করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে পাঠাতে অনুরোধ জানানো হয়েছে।
 
উল্লেখ্য, সদ্য তফসিল ঘোষিত ৯টি পৌরসভার নির্বাচন আগামী ২৫ মে অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৮ এপ্রিল।
 
তফসিল ঘোষিত পৌরসভাগুলো হচ্ছে- ঢাকা বিভাগের নরসিংদীর ঘোড়াশাল ও রায়পুরা এবং চট্টগ্রাম বিভাগের লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর সদর, ব্রাক্ষণবাড়িয়ার কসবা, নোয়াখালীর মাইজদী ও সেনবাগ, ফেনীর ছাগলনাইয়া, কক্সবাজারের টেকনাফ ও খাগড়াছড়ির রামগড়।