রাবির মনোবিজ্ঞান বিভাগের পরীক্ষা পুনরায় নেওয়ার দাবি

আপডেট : ১৭ মার্চ ২০১৯, ২১:৩৫

রাবি সংবাদদাতা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মনোবিজ্ঞান বিভাগের মাস্টার্সের অনুষ্ঠিত একটি কোর্সের পরীক্ষা বাতিল করে পুনরায় নেওয়ার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। গত শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে এ দাবিতে স্মারকলিপি দেয় শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, দুইদিন আগে কানিজ ফাতেমা নামে তাদের এক সহপাঠীর বাবা মারা যায় এবং তার মা স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়ে। এতে ফাতেমা মানসিকভাবে ভেঙে পড়ে। ফলে আমরা সকল শিক্ষার্থী মানবিক দিক বিবেচনা করে পরীক্ষা কমিটির চেয়ারম্যানসহ সকল সদস্যের পরীক্ষাটি স্থগিত করে পরবর্তীতে নেওয়ার অনুরোধ করেছিলাম। কিন্তু বিভাগের ৬৪জন শিক্ষার্থীর মধ্যে ৫২ জন অনুপস্থিত থাকার পরও পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফলে আমাদের কথা বিবেচনা করে ওই পরীক্ষাটি পুনরায় নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।

এর আগে ওইদিন সন্ধ্যায় একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা তাদেরকে আশ্বস্ত করলে তারা অবস্থান কর্মসূচি স্থগিত করেন।

ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু বলেন, শিক্ষার্থীরা আমার কাছে স্মারকলিপি নিয়ে এসেছিল। কিন্তু স্মারকলিপির কিছু অংশ সংশোধন করে পুনরায় দেওয়ার জন্য বলেছি। তিনি আরো বলেন, বিভাগের সিংহভাগ শিক্ষার্থী পরীক্ষা দিতে পারেনি। আমি বিষয়টি নিয়ে শীঘ্রই প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলব।