শফিক রেহমানের বিরুদ্ধে আরও ৭ দিনের রিমান্ড আবেদন

আপডেট : ২২ এপ্রিল ২০১৬, ১৫:৫৫
 
সাংবাদিক শফিক রেহমানের বিরুদ্ধে আরও সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১ টার দিকে পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির এএসপি হাসান আরাফাত। 
 
বিকাল ৩টায় রিমান্ড আবেদনের ওপর ঢাকার সিএমএম আদালতে শুনানি হবে।
 
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ ও হত্যা পরিকল্পনার অভিযোগে দায়ের করা মামলায় গত শনিবার শফিক রেহমানকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। 
 
গ্রেফতারের পর অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তার সাত দিনের রিমান্ড চেয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের কাছে আবেদন করলে আদালত ৫ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।