আজ বৃষ্টি হতে পারে, অব্যাহত থাকার পূর্বাভাস

আপডেট : ২২ এপ্রিল ২০১৬, ১৩:১৩
 
সিলেট বিভাগের কিছু কিছু জায়গাসহ ঢাকা, রংপুর, ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় আজ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। শুক্রবার সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়। খবর বাসস।
 
এতে বলা হয়, আজ সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র আকাশ মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। টাঙ্গাইল ও দিনাজপুর অঞ্চলসহ রাজশাহী ও খুলনা বিভাগের উপর দিয়ে বর্তমানে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
 
ঢাকায় বাতাসের গতি ১০ থেকে ১৫ কি.মি দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম দিক থেকে বয়ে যাচ্ছে তা ঘণ্টায় ৩০ থেকে ৪০ কি.মি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ৮৩ শতাংশ।
 
আবহাওয়া দৃশ্যপটের সংক্ষিপ্তসারে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
 
আজ ঢাকায় সূর্যাস্ত ৬টা ২৩ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ৫ টা ৩১ মিনিটে।