'সমাজ থেকে দুর্নীতি রোধে সবাইকে সচেতন করতে হবে'

আপডেট : ২২ এপ্রিল ২০১৬, ১৪:০৭
 
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, সমাজ থেকে দুর্নীতি রোধে সবাইকে সচেতন করতে হবে। দুর্নীতি দমন না হলে এদেশ উন্নত দেশ হিসেবে গড়ে ওঠতে পারবে না।' শুক্রবার সকালে ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে সাভার বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে দুর্নীতি বিরোধী সমাবেশ ও আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 
 
তিনি বলেন, দুর্নীতির অভিযোগে বর্তমান কমিশন অনেককে গ্রেফতার করেছে। যারা দুর্নীতি করবে কাউকে ছাড় দেয়া হবে না।
 
দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ অনুষ্ঠানে বলেন, দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। কমিশন দুর্নীতিতে লিপ্তদের আইনের আওতায় নিয়ে আসবে। তিনি সবাইকে দুর্নীতি দমনে আরো সোচ্চার হওয়ার আহবান জানান। 
 
অনুষ্ঠানের শুরুতে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ অংশগ্রহণকারীদের দুর্নীতিবিরোধী শপথবাক্য পাঠ করান। পরে তিনি রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
 
ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান, দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক ড. শামসুল আরেফিন, বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ বিশিষ্ট ব্যক্তিরা।
-বাসস