মেসির রেকর্ড ভাঙা সম্ভব নয় : সুয়ারেজ

আপডেট : ২২ এপ্রিল ২০১৬, ১৬:০৬
 
'রোনালদোকে ছাড়িয়ে যেতে পারাটা সম্মানের ব্যাপার। … তিনি অসাধারণ এক খেলোয়াড় ছিলেন।'- সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার হয়ে এক মৌসুমে ব্রাজিলের রোনালদোর সর্বোচ্চ গোলের কীর্তি ছাড়িয়ে লুইস সুয়ারেজ এ কথা জানান। তবে লিওনেল মেসির রেকর্ড ভাঙা অসম্ভব বলে মনে করেন উরুগুয়ের এই তারকা ফরোয়ার্ড।
 
নিজেদের মাঠে গত বুধবার লা লিগায় দেপোর্তিভো লা করুনার বিপক্ষে বার্সেলোনার ৮-০ ব্যবধানের জয়ে চার গোল করে ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদোকে ছাড়িয়ে যান সুয়ারেস। ১৯৯৬-৯৭ মৌসুমে বার্সেলোনার হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৪৭ গোল করেছিলেন রোনালদো। আর চলতি মৌসুমে বার্সেলোনার জার্সি গায়ে সুয়ারেসের গোল এখন পর্যন্ত ৪৯টি।
 
সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এক মৌসুমে বার্সেলোনার হয়ে ৪৯টির বেশি গোল কেবল মেসিরই আছে। ২০১১-১২ মৌসুমে ৮২ গোল করেছিলেন আর্জেন্টিনার এই তারকা ফরোয়ার্ড। এ ছাড়া ২০১০-১১ মৌসুমে ৫৭, ২০১২-১৩ মৌসুমে ৬৯, ২০১৪-১৫ মৌসুমে ৬২ গোল করেছিলেন তিনি।
 
বার্সেলোনায় প্রতিটি দিন উপভোগ করছেন জানিয়ে সুয়ারেস বলেন, 'ফুটবলের অন্যতম সেরা এক খেলোয়াড়কে ছাড়িয়ে যাওয়া সম্মানের, কিন্তু মেসির রেকর্ড ভাঙা নিশ্চিত করেই অসম্ভব।'