৯ দিনেও সন্ধান মেলেনি ঝিনাইগাতীতে অপহৃত আদিবাসীর

আপডেট : ২২ এপ্রিল ২০১৬, ১৯:১৬
 
শেরপুরের ঝিনাইগাতী সীমান্ত থেকে অপহৃত ৩ আদিবাসীর সন্ধান মেলেনি ৯ দিনেও। ফলে ওই ৩ আদিবাসী পরিবারের মধ্যে বিরাজ করছে হতাশা ও আতঙ্ক। গত ১৪ এপ্রিল বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার গজনী গ্রামের নিজ নিজ বাড়ি থেকে মৃত রহেন্দ্র সাংমার ছেলে প্রভাত মারাক (৫০) ও সুকীন্দ্র মারাকের ছেলে বিভাস সাংমা (২৫) ও সুমিত সাংমার ছেলে রাজেস মারাক (২২)কে ময়মনসিংহের ভালুকা থেকে অপহরণ করা হয়।
 
অপহৃতদের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে র‌্যাবের ন্যায় কালো পোশাক ধারী ১০/১২ জনের সশস্ত্র একটি দল তাদের বাড়ি থেকে তুলে নিয়ে যায়। গত ৯দিনেও ওই ৩আদিবাসীর সন্ধান মেলেনি। তাদের খুঁজে না পেয়ে পরিবারের সদস্যদের মধ্যে দেখা দিয়েছে হতাশা ও আতঙ্ক। এ ব্যাপারে বিভাসের মা বিরল সাতমা ঝিনাইগাতী থানায়  একটি সাধারণ ডাইরি নং ৫৯৩ দায়ের করেছেন।
 
ওসি মো. মিজানুর রহমান থানায় অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেছেন ঘটনাটি তিনি শুনেছেন। তদন্ত চলছে এখনো কোন কিছু নিশ্চিত হওয়া যায়নি। শেরপুর ও জামালপুর জেলার দায়িত্ব প্রাপ্ত র‌্যাব-১৪ কর্মকর্তা মেজর মো. নাইম আব্দুল্লাহ বলেছেন, এ ব্যাপারে তাদের কাছে কোন তথ্য নেই। তিনি আরো বলেন, র‌্যাব কাউকে আটক করলে  নিয়ম অনুযায়ী ২৪ঘন্টার মধ্যে থানায় হস্তান্তর করা হয়।  বিজিবি-২৭ ব্যাটেলিয়ানের নওকুচি সীমান্ত ফাঁড়ীর কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মো. আব্দুল কাদের জানিয়েছেন, নিখোঁজ পরিবারের পক্ষ থেকে তাদের কিছু জানানো হয়নি। এ বিষয়ে তারা কিছুই জানেন না বলে জানান।