রোনালদোর ইনজুরি নিয়ে নাটক চলছেই। রিয়াল মাদ্রিদ সামনের ম্যাচগুলোতে পাচ্ছেনা তাদের সবচেয়ে বড় তারকাকে। এর আগে ইনজুরির গুঞ্জন উড়িয়ে বেশ ভালো বোধ করছেন বলে ঘোষণা দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
তবে, শুক্রবার ক্লাবটির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, ইনজুরির কারণে আপাতত মাঠে নামা হচ্ছে না পর্তুগিজ তারকার। স্প্যানিশ লিগের ভিয়ারিয়াল ম্যাচ শেষে পর্তুগিজ অধিনায়ককে ঘিরে ইনজুরির গুঞ্জন উঠে। যা পুরো রিয়াল শিবিরে দুশ্চিন্তার ভাঁজ ফেলে। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো।
ভিয়ারিয়ালের বিপক্ষে ৩-০ গোলে জয়ের রাতে খানিকটা ধীরগতিতে মাঠ ছাড়েন রোনালদো। হ্যামস্ট্রিংয়ে অস্বস্তির দিকটিই স্পষ্ট হয়ে ওঠে। ফলে, ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের প্রথম লেগে তার খেলা নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়।
তবে ম্যাচ শেষে রোনালদোর গুরুতর ইনজুরির খবর উড়িয়ে দেন কোচ জিনেদিন জিদান। রোনালদো নিজেও ভক্ত-সমর্থকদের আশ্বস্ত করে জানান, সম্পূর্ণ ভালো অবস্থায় আছেন তিনি।
শনিবার নিজের পরবর্তী ম্যাচে স্বাগতিক রায়ো ভায়োকানোর মুখোমুখি হবে রিয়াল। বাংলাদেশ সময় রাত ৮টায় খেলা শুরু হবে। তিনদিন পর মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টায় চ্যাম্পিয়নস লিগে সেমিফাইনালের প্রথম লেগে ম্যানসিটির মাঠে নামবে গ্যালাকটিকোরা।
এর আগেই রিয়াল কর্তৃপক্ষ জানিয়ে দিল, উরুর ইনজুরি রোনালদোকে মাঠে নামতে দিচ্ছেনা।
