সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ফুসফুসে ক্যান্সার ধরা পড়েছে। ফুসফুসে জটিলতা নিয়ে উন্নত চিকিত্সার জন্য লন্ডন যাওয়ার পর পরীক্ষা করে চিকিত্সকরা ক্যান্সারের বিষয়ে নিশ্চিত হয়েছেন। মঙ্গলবার থেকে রয়্যাল মার্সডেন হাসপাতালে তার চিকিত্সা শুরু হবে।
শুক্রবার জাতীয় কবিতা পরিষদের সাবেক সভাপতি কবি মুহাম্মদ সামাদ বলেন, বুধবার রাতে সৈয়দ হকের সঙ্গে তার কথা হয়েছিল। ক্যান্সারের বিষয়টি সৈয়দ হক নিজেই তাকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘লন্ডনে শারীরিক পরীক্ষার পর চিকিত্সকরা তার দেহে এ রোগের অস্তিত্ব পান। আগামী মঙ্গলবার থেকে সেখানকার রয়্যাল মার্সডেন হাসপাতালে কবির ক্যান্সারের চিকিত্সা শুরু হবে।’
কবিতা, নাটক, গল্প-উপন্যাসসহ সাহিত্যের সব শাখায় বিচরণকারী সৈয়দ হক ১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন।
একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কার পাওয়া এই সাহিত্যিকের হাত দিয়ে ‘খেলারাম খেলে যা’, ‘নীল দংশন’, ‘মৃগয়া’, ‘সীমানা ছাড়িয়ে’, ‘আয়না বিবির পালা’সহ বহু পাঠকপ্রিয় বই এসেছে।
খবর বিডিনিউজের।
