একজন মানুষ নিজের শিল্পিত রূপকে ব্যক্তিগতভাবে কেবল উঁচুতেই নিয়ে গেছেন। বদলে দিয়েছিলেন প্রতিযোগীদের প্রস্তুতি ও খেলার ধরন। এমনকি দর্শকদের উপলব্ধি করার ক্ষমতাও পাল্টে দিয়েছিলেন।
ইউক্রেনের কিংবদন্তি পোল ভল্টার সের্গেই বুবকাকে বুঝাতে কথাটি বলেছিলেন স্পোর্টস ইলাস্ট্রেটেডর বিখ্যাত ক্রীড়া লেখক গ্যারি স্মিথ।
বুবকার সঙ্গে মুস্তাফিজুর রহমানের মিল খোঁজাটা আপাতত বেমানান মনে হতে পারে অনেকের কাছে। একজন পোল ভল্টের কিংবদন্তি আর একজন ক্রিকেট বিশ্বে নবাগত তকমাটা পুরোপুরি ছুড়ে ফেলতে পারেননি এখনও। কিন্তু একটি জায়গা মুস্তাফিজকে মিলিয়ে দিচ্ছে বুবকার সঙ্গে। কিংবদন্তি রাশিয়ানের মতো মুস্তাফিজও এখন যেন নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী!
ধারাভাষ্যকার অ্যালান উইলকিন্স মুস্তাফিজকে বুঝছেন এভাবেই। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বাংলাদেশি পেসারের বোলিং সৌন্দর্যে মুগ্ধ হয়ে সাবেক বাঁ-হাতি বোলার বলেন, ‘মুস্তাফিজকে যতবার দেখবেন, ততবার মুগ্ধ হবেন। প্রতিমুহূর্তে সে আরও দারুণ কিছু নিয়ে আপনার সামনে হাজির হবে। অনেকটা সের্গেই বুবকার মতো। যিনি নিজের রেকর্ড প্রতিনিয়ত নিজেই ছাড়িয়ে যেতেন।’
গুজরাট লায়ন্সের বিপক্ষে মুস্তাফিজ বোলিংয়ে আসতেই উইলকিন্স বলেছিলেন, ‘ম্যাজিকাল বয় ফ্রম বাংলাদেশ’ (বাংলাদেশ থেকে আগত জাদুকর)। প্রতিদিনের মতো গুজরাটের বিপক্ষেও জাদু ছড়িয়েছেন মুস্তাফিজ। নিজের প্রথম ওভারেই দুবার কাটারে বোকা বানিয়েছিলেন টি-টোয়েন্টির সেরাদের একজন ব্রেন্ডন ম্যাককালামকে। আইপিএলে নিজের চার ওভারে সবচেয়ে কম রান দিয়েছেন এদিন। ১৯ রান দিয়ে এক উইকেট নিয়ে গুজরাটকে ১৩৫ রানে বেঁধে ফেলার মূল কৃতিত্বটা তারই।
গুজরাটের সঙ্গে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে চার উইকেট নিয়ে ম্যাচসেরা হলেও মুস্তাফিজের কাছে তাই শিক্ষা নেন ভুবনেশ্বর কুমারও। অনুশীলনে বাংলাদেশি পেসারের কাছ থেকে কাটার শিখতে চান তিনি। কিন্তু মুস্তাফিজের মায়াজাল বোঝা কি এতই সহজ! ম্যাচসেরার পুরস্কার নেয়ার সময় ভারতীয় বোলারের অকপট স্বীকার, ‘মুস্তাফিজের সঙ্গে বল করতে পারা দারুণ ব্যাপার। তার কাছ থেকে আমি স্লোয়ার বল করা শেখার চেষ্টা করছি। কিন্তু তিনি যেভাবে এটা করেন, তা কেউ পারে না!’
প্রথমবার আইপিএল খেলতে গিয়েই অন্যতম আলোচিত নাম মুস্তাফিজ। চার ম্যাচে উইকেট নিয়েছেন পাঁচটি। নজর কেড়েছেন মূলত বিশ্বসেরা সব ব্যাটসম্যানদের বিভ্রান্ত করে ও বিপাকে ফেলে।
কদিন আগেই ম্যাথু হেইডেন বলেছিলেন, এবারের আইপিএলে স্লগ ওভারে সেরা বোলার মুস্তাফিজ। এদিনও সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার ধারাভাষ্যে মুস্তাফিজের প্রশংসা করে বলেন, ‘সে অসাধারণ এক প্রতিভা। এত বৈচিত্র্য ওর হাতে! ব্যাটসম্যানকে একটুও থিতুু হতে দেয় না। ম্যাককালামের মতো ব্যাটসম্যানকে স্বস্তি দেয়নি।’
পাশ থেকে তখন সাবেক কিউই পেসার ও আরেক জনপ্রিয় ধারাভাষ্যকার ড্যানি মরিসন যোগ করেন, ‘এখন দেখার বিষয়, এখান থেকে নিজেকে কতটা সামনে এগিয়ে নিতে পারে সে।’
মুস্তাফিজের আইপিএল
প্রতিপক্ষ উইকেট রান মাঠ তারিখ
বেঙ্গালুরু ২ ২৬ বেঙ্গালুরু ১২ এপ্রিল, ২০১৬
কলকাতা ১ ২৯ হায়দ্রাবাদ ১৬ এপ্রিল,২০১৬
মুম্বাই ১ ৩২ হায়দ্রাবাদ ১৮ এপ্রিল, ২০১৬
গুজরাট ১ ১৯ রাজকোট ২১ এপ্রিল, ২০১৬
আজ রাত সাড়ে আটটায় কিংস এলিভেন পাঞ্জাবের বিপক্ষে মাঠে নামবেন মুস্তাফিজ
