দক্ষিণ আমেরিকায় ৫ লাখ ডলারের রপ্তানি আদেশ

আপডেট : ১৭ মার্চ ২০১৯, ২১:৪০

দক্ষিণ আমেরিকার ব্রাজিলের আনুফুড ফেয়ারে প্রথমবারের মতো অংশ নিয়েছে দেশের খাদ্যপণ্য উত্পাদন ও রপ্তানিকারক প্রতিষ্ঠান প্রাণ। ব্রাজিলের সাও পাওলোতে গত ১২ থেকে ১৪ মার্চ অনুষ্ঠিত এবারের মেলায় প্রায় ৫ লাখ মার্কিন ডলার সমমূল্যের রপ্তানি আদেশ পেয়েছে প্রতিষ্ঠানটি। প্রাণ এক্সর্পোট লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা মিজানুর রহমান জানান, দক্ষিণ আমেরিকা একটি সম্ভাবনাময় বাজার যেখানে খাদ্যপণ্য রপ্তানির ব্যাপক সুযোগ রয়েছে। মেলায় জুস, বেভারেজ, বিস্কুট, বেকারি, কনফেকশনারিসহ মোট ১০টি ক্যাটাগরিতে পণ্য প্রদর্শন করা হয়। তিনি বলেন, বর্তমানে দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া, ভেনিজুয়েলা, ইকুয়েডর ও সুরিনামে প্রাণ পণ্য পাওয়া যাচ্ছে। এ মেলার মাধ্যমে চিলি, পেরু, উরুগুয়ে, আর্জেন্টিনা, ব্রাজিল ও কলম্বিয়ায় প্রাণ পণ্য রপ্তানির সুযোগ তৈরি হলো।-প্রেস বিজ্ঞপ্তি