কক্সবাজারের টেকনাফ সদর উপজেলায় বাড়িতে ঢুকে দুর্বৃত্তরা মোহাম্মদ হাশেম (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে। নিহত মোহাম্মদ হাশেম টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া গ্রামের নজির আহমদের ছেলে।
শুক্রবার রাতে সদর উপজেলার হাজম পাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
থানা পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে হাশেম তার শ্বশুর বাড়ি হাজমপাড়ায় বেড়াতে যান। এ সময় ৩/৪ জনের একদল দুর্বৃত্ত ফাঁকা গুলি করতে করতে ওই বাড়িতে ঢুকে। এরপর হাশেমকে গুলি করে পালিয়ে যায়। দুর্বৃত্তরা চলে যাওয়ার পর স্বজনেরা গুলিবিদ্ধ হাশেমকে
আশংকাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাচ্ছিল। এ সময় তার মৃত্যু হয়।
টেকনাফ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।
