সাপ্তাহিক শেয়ারবাজার লেনদেনে শীর্ষে ব্যাংকিং খাত

আপডেট : ১৭ মার্চ ২০১৯, ২১:৪০

ইত্তেফাক রিপোর্ট

গত সপ্তাহের শেয়ারবাজারে লেনদেনের ক্ষেত্রে এগিয়ে ছিল ব্যাংক খাত। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোট লেনদেনের ১৭ শতাংশই দখল ছিল এই খাতের। সপ্তাহজুড়ে ব্যাংক খাতের কোম্পানিগুলোর শেয়ার মোট লেনদেন হয়েছে ৪৬৮ কোটি টাকা। লেনদেনে ব্যাংকের পরেই রয়েছে প্রকৌশল খাত। সপ্তাহজুড়ে এ খাতের কোম্পানিগুলোর শেয়ার লেনদেন হয়েছে ৩৬৪ কোটি ৩৯ লাখ টাকা। সপ্তাহটিতে ডিএসইর মোট লেনদেনের ১৩ শতাংশ ছিল প্রকৌশল খাতের। এছাড়া গত সপ্তাহে লেনদেনে প্রাধান্য দেখিয়েছে বস্ত্র ও জ্বালানি খাতও। এর মধ্যে জ্বালানি খাতের কোম্পানিগুলোর শেয়ার লেনদেন হয়েছে ২৮৭ কোটি ৬৭ লাখ টাকা এবং বস্ত্র খাতের ২৮৩ কোটি ৮২ লাখ টাকা। বাকি খাতগুলোর মধ্যে ডিএসইর মোট লেনদেনে খাদ্য ও আনুষঙ্গিক খাত ৯ শতাংশ, ওষুধ ৮ শতাংশ, বীমা ৮ শতাংশ, সিরামিক ৫ শতাংশ, বিবিধ ৪ শতাংশ, অব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান ৪ শতাংশ, চামড়া খাত ৪ শতাংশ, টেলিযোগাযোগ ৩ শতাংশ, আইটি ৩ শতাংশ, সিমেন্ট ২ শতাংশ, সেবা ১ শতাংশ এবং আবাসন ১ শতাংশ অবদান রেখেছে। বাকি খাতগুলোর এককভাবে অবদান এক শতাংশের নিচে।