পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচকের দায়িত্ব নিয়েছেন ইনজামাম-উল-হক। দায়িত্ব নিয়েই জানিয়ে দিলেন, দলে জায়গা পেতে হলে ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করতে হবে শোয়েব মালিক-কামরান আকমলদের।
তিনি বলেন, ‘সব খেলোয়াড়, এমনকি শোয়েব মালিক, কামরান আকমলদেরও ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করতে হবে। তবেই তাদের জাতীয় দলের জন্য বিবেচনা করা হবে।'
আগামী জুলাইতে ইংল্যান্ডের মাটিতে চার টেস্টের পাশাপাশি পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ এবং একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান। ওই টুর্নামেন্টে জায়গা পেতে পাকিস্তানের শীর্ষ সব ক্রিকেটারই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন।
তবে ঘরোয়া টুর্নামেন্টের পিচ পছন্দ হচ্ছে না নতুন প্রধান নির্বাচকের। তিনি বলেন, ‘আমার মনে হয় না যে পিচে খেলা হচ্ছে এখান থেকে মানসম্মত ক্রিকেটার তৈরিতে ভূমিকা রাখতে পারে।'
